ভারতীয় দলে ফেরার স্বপ্ন এখন আর তাঁকে তাড়িয়ে বেড়ায় না। বরং ক্রিকেটের প্রতি নিখাদ ভালোবাসাই এখনও মাঠে নামতে অনুপ্রাণিত করে তাঁকে। বক্তা টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ৩৬ বছর বয়সি এই ডানহাতি জোরে বোলার শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২২ সালে। ২১টি টেস্ট, ১২১টি একদিনের ম্যাচ ও ৮৭টি টি-২০ আন্তর্জাতিক খেলা।
ভুবনেশ্বর জানিয়েছেন, দেশের হয়ে খেলার স্বপ্ন তিনি অনেক আগেই পূরণ করেছেন। তাই এখন আর নিজেকে প্রমাণ করার কোনও তাগিদ বা চাপ নেই। ভুবির কথায়, “আইপিএল আর ঘরোয়া ক্রিকেট খেলছি শুধু ক্রিকেটকে ভালোবাসি বলেই। আবার ভারতীয় দলে সুযোগ পেলে অবশ্যই ভালো লাগবে। কিন্তু সেটাই এখন আমার একমাত্র লক্ষ্য নয়।”
রবিবার আরসিবি'র পডকাস্টে ভুবনেশ্বর জানান, ক্রিকেটের সঙ্গে সংযোগ বজায় রাখতেই তিনি নিয়মিত আইপিএল, ঘরোয়া ক্রিকেট এবং উত্তরপ্রদেশ টি-২০ লিগে খেলছেন। আবার একই সঙ্গে শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত বিশ্রামও নেন। তাঁর মতে, এখন তিনি সত্যিই উপলব্ধি করতে পারেন যে খেলাটাকে উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই কারণেই এখনও কঠোর শৃঙ্খলা মেনে নিজের ফিটনেস ও প্রস্তুতির উপর জোর দিয়ে চলেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার মানসিক চাপ কাটিয়ে উঠতে পরিবারের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেছেন ভুবনেশ্বর। বলেন, বাড়িতে কখনও ভারতীয় দলে ফেরা, বাদ পড়ার কারণ বা নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয় না। সেই পরিবেশই তাঁকে মানসিকভাবে শান্ত থাকতে সাহায্য করেছে। তাঁর কথায়, “আমি কোনও আক্ষেপ নিয়ে বাঁচি না। খেলাধুলায় পরিবর্তন অবশ্যম্ভাবী। এক সময় নতুন প্রজন্ম আসবেই। আমি প্রথম নই, শেষও নই যে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এখন আমি যেখানে আছি, সেখানেই ভালো আছি।”
আইপিএল ২০২৬-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৬ ম্যাচে ২৮ উইকেট নেওয়া ভুবনেশ্বর ভারতীয় পেস বোলিংয়ের উন্নতির নেপথ্যেও আইপিএল এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রীর দূরদর্শী ভাবনার প্রশংসা করেছেন। তাঁর মতে, এই দুই ব্যক্তিত্বের নেতৃত্ব এবং আইপিএলের প্রতিযোগিতামূলক পরিবেশই দেশের ফাস্ট বোলিংয়ের মানকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।