নিউজ ডেস্ক: বিগ বসের সঞ্চালক হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে পরিচিত নাম সালমান খান। এবার বাংলার বিগ বসের মঞ্চে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন ‘দাদা’—সঞ্চালনার ক্ষেত্রে তাঁকে সালমান খানের সঙ্গে তুলনা করলে চলবে না। কারণ, দু’জনের ব্যক্তিত্ব যেমন আলাদা, তেমনই দর্শকের সঙ্গে কথা বলার ধরনও আলাদা হবে। তাই সালমানের জনপ্রিয় সঞ্চালনা-ভঙ্গি অনুসরণ না করে নিজের স্বাভাবিক স্টাইলেই অনুষ্ঠানটি পরিচালনা করতে চান সৌরভ।
তিনি বলেছেন, "আমি দীর্ঘদিন ধরেই অনুষ্ঠানটি দেখে আসছি। অবশ্য নিয়মিত দেখা হতো না, তবে যখনই সময় পেতাম, তখনই দেখতাম। রাজি হতে আমার কিছুটা সময় লেগেছিল, কারণ গত ১০ বছর ধরে আমি অন্য একটি শো সঞ্চালনা করছিলাম। কিন্তু তারপর মনে হলো পরিবর্তন প্রয়োজন ৷ কাজটা আমার করা উচিত-এভাবেই সবকিছুর শুরু। আসলে এটা একটা সুযোগ এবং আমি তা গ্রহণ করেছি।"
"সলমন ১৩ বছর ধরে শোটা করছে। ও ওর স্টাইলে করে। আমি শুরু করেছি। আমি আমার মত করে করব। আশা করি দর্শকদের ভালো লাগছে। আগামী দিনে আরো ভালো লাগবে। আমি তো প্রচুর পজিটিভ মেসেজ পাচ্ছি।"
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, বিগ বসের নতুন সিজন শুরু করার আগে তিনি সালমান খানের সঞ্চালনার ধরন খুঁটিয়ে দেখেছেন কি না। উত্তরে সৌরভ বলেন, “সালমানের নিজস্ব একটা ধরন রয়েছে। ওঁর সঙ্গে আমার অনেকটাই পার্থক্য। সৌরভ গঙ্গোপাধ্যায় কখনও সালমান খানের মতো করে সঞ্চালনা করতে পারবেন না। আমরা দু’জন আলাদা মানুষ, আমাদের ব্যক্তিত্বও আলাদা। উনি নিজের মতো করে সঞ্চালনা করেন, আমিও নিজের মতো করেই করব। আমার মনে হয়, বিগ বসের বিভিন্ন সংস্করণের অন্যান্য সঞ্চালকদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।” এরপরেই তিনি কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ে অমিতাভ বচ্চনের সঞ্চালনার কথা তুলে ধরেন ৷ তিনি জানান, শুরুর দিকে টেলিভিশন ও সঞ্চালনা সম্পর্কে বুঝতে সাহায্য করেছিলেন বিগ বি ৷ সৌরভ শাহেনশাহকে অনুসরণ করারও চেষ্টা করেছিলেন শুরুর দিকে ৷ পরে তিনি নিজের একটা স্টাইল বানিয়ে নেন ৷
তবে শেষ পর্যন্ত বদলের প্রয়োজনীয়তাই তাঁকে নতুন এই দায়িত্ব গ্রহণে উৎসাহিত করে। ক্রিকেটের সূত্রে স্টারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কও এই প্রস্তাবকে তাঁর কাছে আরও বিশেষ করে তুলেছিল। সুযোগটি নতুন কিছু করার পাশাপাশি নিজের সঞ্চালনার অন্য একটি দিক তুলে ধরার সম্ভাবনাও তৈরি করে। তাই সমস্ত দিক ভেবেচিন্তে বিগ বস বাংলার তৃতীয় সিজনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মাঝে মধ্যে সময়-সুযোগ পেলে বিগ বস দেখতেন বলেও জানিয়েছেন সৌরভ।
