স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের মহাশক্তিকে ভারতে এনে ম্যাচ আয়োজনের জৌলুস ছিল। কিন্তু সেই আয়োজনের আর্থিক ধাক্কা সামলাতে গিয়ে এখন কার্যত বেকায়দায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। গত মাসে কলকাতায় ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে আসা ব্রাজিল ও উরুগুয়ে এখনও তাদের প্রাপ্য পারিশ্রমিকের পুরো টাকা পায়নি। ব্রাজিলের কাছে প্রায় ১৯ কোটি টাকা এবং উরুগুয়ের কাছে ৪ কোটি ৭০ লক্ষ টাকা বকেয়া রয়েছে বলে খবর।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশই এখনও পর্যন্ত চুক্তির অর্ধেক পারিশ্রমিক পেয়েছে। বকেয়া মেটাতে ফেডারেশনের ২০ কোটি টাকার একটি স্থায়ী আমানত (এফডিআর) মেয়াদ শেষ হওয়ার আগেই ভাঙানোর প্রস্তাব দিয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে। কিন্তু ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্যদের আপত্তিতে সেই উদ্যোগ আটকে গিয়েছে। তাঁদের বক্তব্য, জরুরি পরিস্থিতি ছাড়া ওই আমানতের টাকা ব্যবহার করা উচিত নয়। সহ-সভাপতি এন এ হারিসও আগের নির্বাহী কমিটির সিদ্ধান্তের কথা মনে করিয়ে দেন। শেষ পর্যন্ত বকেয়া নিয়ে আলোচনা করতে তাঁর নেতৃত্বে একটি বিশেষ দল গঠনের সিদ্ধান্ত হয়েছে।
টিকিট বিক্রি থেকে প্রত্যাশিত আয় না হওয়াই আর্থিক সমস্যার অন্যতম কারণ। ৩০ থেকে ৪০ কোটি টাকা আয়ের আশা করেছিল এআইএফএফ। কিন্তু বেশি দামের টিকিটের কারণে বিক্রি আশানুরূপ হয়নি। পরে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান সমর্থকদের জন্য ছাড় দেওয়া হয়। ব্রাজিল ম্যাচে একটি টিকিট কিনলে একটি বিনামূল্যে দেওয়ার প্রচারও চালানো হয়েছিল।
এদিকে, টিকিট বিক্রির অংশীদারের কাছ থেকে অগ্রিম পাওয়া ২৫ কোটি টাকার একাংশও ফেরত দিতে হতে পারে ফেডারেশনকে। তারকাখচিত ব্রাজিল দলকে কলকাতায় আনার সাফল্যের পর এ বার বকেয়া মেটানোই বড়ো চ্যালেঞ্জ এআইএফএফের।
উৎস: gulf news




