নিউজ ডেস্ক: খারাপ আবহাওয়ার জেরে কালিম্পংয়ে নামতে পারেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। শেষমেশ তা অবতরণ করে উত্তরকন্যার কাছে একটি হেলিপ্যাডে। সেখান থেকেই কালিম্পংবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি বার্তা দেন মুখ্যমন্ত্রী।
জিটিএ দুর্নীতি নিয়ে তিনি বলেন, 'দুর্নীতিগ্রস্তদের কাউকে ছাড়া হবে না। জিটিএ-তে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে জনতার টাকা যেভাবে লুঠ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। এফআইআর হবে। গ্রেফতার করা হবে। পাশাপাশি, GTA-তে বরাদ্দ বৃদ্ধির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাতেও প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। খারাপ আবহাওয়ার কারণে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়ে প্রশাসনকে সবসময় প্রস্তুত থাকার বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, 'বিপর্যয় ব্যবস্থাপনায় দার্জিলিং ও কালিম্পংয়ের জন্য ২৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। তা মঞ্জুর হয়েছে।'
অন্যদিকে পুজোর মুখে চা শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'পুজোতে চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দেওয়া হবে। বন্ধ হয়ে থাকা চা বাগানগুলি ফের খোলা হবে। চা বাগান সংক্রান্ত সমস্যাগুলিও দ্রুত মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি ৮৪৩৫ জনকে কালিম্পঙ জেলায় দেওয়া হবে। যাদের জমি রয়েছে কিন্তু বাড়ি নেই, তাদের বাড়ি তৈরির জন্য সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।'
এছাড়া সর্বজনীন স্বাস্থ্যবিমার আওতায় কালিম্পং জেলায় ২ লক্ষ ১৮ হাজার ৫০৩ জন মানুষকে 'আয়ুষ্মান ভারত' কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যেই ১ লক্ষ ১৫ হাজার ৩১১টি কার্ড সক্রিয় হয়েছে। যাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন না, তাঁদের 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা'র অধীনে এনে বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হবে।
আজ, মঙ্গলবার কালিম্পংয়ে প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো এদিন ১২ টা ১৫ নাগাদ মুখ্যমন্ত্রীর বিমান কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছয় ৷ তারপর সেখান থেকে হেলিকপ্টারে কালিম্পঙের উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷ এদিকে, আবহাওয়া ভালো থাকায় কালিম্পঙের দুরবিন গুম্বায় মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণের কথা ছিল ৷ কিন্তু হেলিপ্যাডের দৃশ্যমানতা একদম কম থাকায় মুখ্যমন্ত্রীর কপ্টার অবতরণ করতে পারেনি ৷ তাই বাধ্য হয় উত্তরকন্যা থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। এদিন উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।




