শুক্রবার সকালের মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকা। একটি অরক্ষিত লেভেল ক্রসিং খোলা থাকার জেরে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় পিষ্ট হলো স্কুল পড়ুয়াদের একটি পুলকার ও এক সাইকেল আরোহী। এই ভয়াবহ দুর্ঘটনায় ৪ শিশুসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত সক্রিয় হয় প্রশাসন। প্রাথমিক তদন্তের পর কর্তব্যে গাফিলতির অভিযোগে রেলের গেটম্যানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। এদিকে, এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, "কাজে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না।" দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।
নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে রাজ্য সরকার। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় ও দায়িত্ব নিয়েছে রাজ্য। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে চিকিৎসার তদারকি করছেন।দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই উপস্থিত রয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। রেল ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে।