অগাস্ট মাসে এখনও অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা যোজনার টাকা। গত মাসেও বেশ কিছু মানুষ টাকা পেয়েছেন। কিন্তু তারপর এই মাসে এখনও টাকা ঢোকেনি কারও অ্যাকাউন্টে। এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। প্রতি মাসে কোন তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকউন্টে ঢুকবে, সাফ জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 'আগামী ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে নিয়ে সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে, সে সংক্রান্ত সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানানো হবে বলেই জানান তিনি।'
মুখ্যমন্ত্রী আরও জানান, 'জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অফলাইন, অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাঁদের আবেদন নেওয়া হয়েছে, তাঁদের ফর্ম পোর্টালে আপলোড করার কাজ চলছে। নবান্ন থেকে ২৮ লক্ষ মানুষকে টাকা দিয়েছিলাম, নেতাজি ইন্ডোর থেকে ১ কোটি ১৯ লক্ষ মানুষকে দিয়েছিলাম। তারপরও আমরা আবেদন নিয়েছি ৩১ জুলাই পর্যন্ত। মোট আবেদন করেছেন ২ কোটি ১৬ লক্ষ। এই আবেদনকারীদের ভেরিফিকেশনের কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। কারা বিবেচিত হবেন, সে সংক্রান্ত সমস্ত তথ্য আগামী ১০ আগস্টের সাংবাদিক বৈঠকে জানানো হবে।'