নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! মাত্র সাত দিনে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা আয়। পাঁচটি ব্রাইডাল বুকিং থেকে এই টাকা উপার্জন করেছেন বলে দাবি করেছেন দিল্লির একজন মেকআপ আর্টিস্ট মোমিনার। সোশ্যাল মিডিয়ায় নিজের এক সপ্তাহের কাজের হিসাব শেয়ার করে তিনি জানিয়েছেন, দিল্লি থেকে কাসৌলি পর্যন্ত ছুটে গিয়ে একের পর এক বিয়ের অনুষ্ঠানের মেকআপ করেছেন তিনি।
মোমিনার দাবি, ওই সাত দিনে মোট পাঁচটি বুকিং ছিল তাঁর। প্রথমে সিঙ্গাপুর থেকে আসা এক ক্লায়েন্টের জন্য তিনটি আলাদা লুক তৈরি করেন। সেই কাজ থেকে পান ৬৩ হাজার টাকা। এরপর পুরনো এক ক্লায়েন্টের বিয়ের মেকআপ করেন। ওই বুকিংয়ের পারিশ্রমিক ছিল ৭৩ হাজার টাকা।
দেখুন: https://www.instagram.com/reel/DdDaktqBfsp/?utm_source=ig_web_copy_link&stkn=NTc4MTIwNjQ2YQ==
এরপর একটি বিয়ের অনুষ্ঠানের জন্য দিল্লি থেকে কাসৌলি যেতে হয় তাঁকে। সেখানে মেকআপের জন্য নেন ৫৫ হাজার টাকা। দিল্লিতে ফিরে আরও একটি বড় বুকিং পান। কনে, তাঁর মা এবং বোন মিলিয়ে মোট ছ’টি লুক তৈরি করেন তিনি। এই কাজের জন্য পারিশ্রমিক ছিল ২ লক্ষ ২০ হাজার টাকা। সপ্তাহের শেষ বুকিং থেকে আরও ৩৭ হাজার ৫০০ টাকা মোমিনা পান বলে জানান। সব মিলিয়ে পাঁচটি বুকিং থেকে তাঁর আয় দাঁড়ায় ৪ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা।
তবে মোমিনার কথায়, 'এক সপ্তাহে এই আয় এলেও এই জায়গায় পৌঁছতে সময় লেগেছে বেশ কয়েক বছর। শুরুতে নিজের পোর্টফোলিও তৈরি এবং কাজের অভিজ্ঞতা বাড়ানোর জন্য একাধিক বিনা পারিশ্রমিকের কোলাবরেশন করেছেন তিনি। ধীরে ধীরে ক্লায়েন্ট এবং কাজের পরিধি বাড়ে। মোমিনার এই পোস্ট প্রকাশ্যে আসার পরই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর দেওয়া ৪ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকার অঙ্কটি বুকিং থেকে পাওয়া মোট পারিশ্রমিক। মেকআপের সরঞ্জাম, যাতায়াত, সহকারী-সহ অন্যান্য খরচ বাদ দিলে তাঁর লাভ কত, তা স্পষ্ট নয়।
জীবনের অন্যতম বিশেষ দিনগুলির মধ্যে একটি বিয়ের দিন। ওইদিনটি নিয়ে সকলের চিন্তায় থাকেন। সাজপোশাক, গয়নাগাটি, মেকআপ নিয়ে মহিলারা বিশেষ ভাবনাচিন্তা করেন। কারণ, সাজগোজে সামান্য এদিক সেদিক হলে মাটি সব কিছু। তাই এই মেকআপ আর্টিস্টদেরও চাহিদাও খুব বেশি থাকে। তাঁদের হাতের উপর নির্ভর করে সেই দিনের সাজগোজ। তাই মেকআপ আর্টিস্টদের কাজের উপর ভরসা করে মোটা অঙ্কের টাকা দিয়েও বুক করা হয়।