নিউজ ডেস্ক: ডুয়ার্সের রাজপথে ফের গতির বলি বন্যপ্রাণ, নাগরাকাটায় গাড়ির চাকায় পিষে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ
সচেতনতার প্রচার, সতর্কবার্তা কিংবা নজরদারি কিছুতেই রোখা যাচ্ছে না ডুয়ার্সের জাতীয় সড়কে গাড়ির বেপরোয়া গতি। আর সেই লাগামছাড়া গতির চাকাতেই ফের বলি হল এক নিরীহ বন্যপ্রাণ। রবিবার সন্ধ্যায় নাগরাকাটার ডায়না সেতু লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কে দ্রুতগতির অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। রক্তে লাল হল ডুয়ার্সের রাস্তা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যের আবছা আলোয় ডুলুং জঙ্গল লাগোয়া ডায়না সেতুর কাছাকাছি ১৭ নম্বর জাতীয় সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় একটি প্রাণীকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। কাছে গিয়ে দেখা যায়, নিথর হয়ে পড়ে রয়েছে একটি চিতাবাঘ। রাস্তার ওপর ক্ষতবিক্ষত দেহ দেখে হকচকিয়ে যান উপস্থিত লোকজন। দ্রুত খবর দেওয়া হয় বন দফতরের ডায়না রেঞ্জে।
খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে যায়। বন দফতর সূত্রে জানা গেছে, মৃত চিতাবাঘটি স্ত্রী প্রজাতির। আনুমানিক বয়স পাঁচ বছর। প্রাথমিক তদন্তে বন আধিকারিকদের অনুমান, ডায়না নদী ও পার্শ্ববর্তী বনাঞ্চলের মধ্যে চলাচলের সময় রাস্তা পার হতে গিয়েই তীব্র গতির কোনও ভারী যানের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় জন্তুটি। অভিঘাত এতটাই তীব্র ছিল যে চিতাবাঘটি নিজেকে বাঁচানোর সুযোগ পায়নি। তবে দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটি গতি বাড়িয়ে চম্পট দেয়। রাতের অন্ধকারে গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা শুরু করেছে বন দফতর ও স্থানীয় পুলিশ প্রশাসন। সেতু ও আশপাশের সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর নির্দিষ্ট কারণ স্পষ্ট হবে।