ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। মঙ্গলবার দুপুরের দিকে তীব্র কম্পন অনুভূত হয় জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশু উপকূলের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৭.১। কম্পনের পরই সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে সে দেশের আবহাওয়া দফতর।
জাপানের জাতীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল সমুদ্রতলের প্রায় ১০ কিলোমিটার গভীরে। সেই কারণে এদিনের এই কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচার সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় প্রবল কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের পরপরই আরিয়াকে সাগর এবং ইয়াতসুশিরো সাগর সংলগ্ন উপকূলবর্তী নিচু এলাকায় সুনামি অ্যাডভাইজরি জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকার পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
ঘটনায় জাপান জুড়ে এখনও পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। তবে সুনামি ধেয়ে এলে সম্ভাব্য বিপর্যয়ের কথা মাথায় রেখে তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।




