জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ যে ক্রমশ বাড়ছে, তা আরও একবার স্পষ্ট হয়ে উঠল সোমবার। এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার ফুটবল সংস্থাগুলি একযোগে ইনফান্তিনোর উদ্দেশে একটি খোলা চিঠি লিখে সরাসরি প্রশ্ন তুলল ফিফা প্রশাসন এবং তাঁর নেতৃত্ব নিয়ে। বিশ্বকাপকে বিক্রি করার পরিকল্পনা করে ফুটবলের সঙ্গে যুক্ত সকলের বিশ্বাস ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। যদিও অর্থ বা বিশ্বকাপ নিয়ে আগে নেওয়া সিদ্ধান্তগুলির বিরোধিতা করা হয়নি। বরং প্রশ্ন তোলা হয়েছে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে।
চিঠিতে তিন মহাদেশের সংস্থাগুলি জানিয়েছে, গত এক দশকে ফুটবলের যে উন্নতি হয়েছে, তা সম্ভব হয়েছে ফিফা, মহাদেশীয় সংস্থা, সদস্য দেশ এবং বিশ্ব জুড়ে ফুটবলের সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের সম্মিলিত প্রচেষ্টায়। তাঁদের মতে, ফিফার হাতে থাকা বিপুল অর্থ সদস্য দেশগুলির উন্নয়নে আরও বেশি করে বিনিয়োগ করা সম্ভব। বিশ্বকাপের আয়োজক দেশ, দলের সংখ্যা বৃদ্ধি-সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি অতীতে সকলের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
কিন্তু আপত্তি অন্য জায়গায়। তিন মহাদেশের অভিযোগ, ফুটবলের সততা এবং সেই সততা রক্ষার দায়িত্বে থাকা প্রশাসন নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সদস্য দেশগুলির সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলেও দাবি তাদের। কয়েক জন মানুষ মিলে কার্যত গোটা পরিকল্পনা তৈরি করেছেন, ফলে সদস্য সংস্থাগুলিকে সেই প্রস্তাব খতিয়ে দেখা বা তার সম্ভাব্য প্রভাব বিশ্লেষণের সুযোগও দেওয়া হয়নি। এমনই অভিযোগ উঠেছে।
চিঠির শেষ অংশেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছে তিন মহাদেশ। ফিফার দায়িত্বে এমন একজনকে থাকা উচিত, যিনি ওই পদে সবচেয়ে যোগ্য। কার্যত ইনফান্তিনোর নেতৃত্বের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। সরাসরি তাঁর পদত্যাগের দাবি না উঠলেও বার্তার ইঙ্গিত স্পষ্ট। ফুটবলমহলের একাংশের মতে, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার এই সম্মিলিত অবস্থান ইনফান্তিনোর উপর প্রবল চাপ তৈরি করতে পারে।