কলম্বো, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: ভারতীয় টেস্ট দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনার আবহে মুখ খুললেন কোচ গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে তাঁর সাফ কথা, বাইরের সমালোচনা বা র্যাঙ্কিং নিয়ে মাথা ঘামানোর সময় নেই। লক্ষ্য একটাই। সেটা হল ট্রফি জেতা। টেস্ট ক্রিকেটে ভারতীয় দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দাবিও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। তাঁর পাল্টা দাবি, ইংল্যান্ড সফরের পর থেকে দল মোটের উপর যথেষ্ট ভাল ক্রিকেটই খেলেছে। নতুন অধিনায়ক শুভমান গিলকে ঘিরে দলের নতুন কাঠামো তৈরি হচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন গম্ভীর।
“সমালোচনা নিয়ে আমি ভাবি না। আমার কাজ ট্রফি জেতা। ভিউ বা লাইকে কিছু এসে যায় না।” সাফ জানিয়ে দিয়েছেন ভারতীয় কোচ। তাঁর মতে, ক্রিকেটে উত্থান-পতন থাকবেই। তাই দু’একটি ম্যাচের ফলাফল দেখে ক্রিকেটারদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। বরং খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে তাঁদের আরও সময় দেওয়ার পক্ষেই সওয়াল করেছেন তিনি। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলে যে বড় পরিবর্তন এসেছে, তার মধ্যেই একাধিক সিরিজে হারের চাপও তৈরি হয়েছে। কিন্তু সেই পরিবর্তনকে ক্রিকেটের স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই দেখছেন গুরু গম্ভীর।
দলের বোলিং নিয়েও তাঁর বক্তব্য স্পষ্ট। প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার মতো সেরা বোলিং আক্রমণই মাঠে নামানো হবে বলে জানিয়েছেন তিনি। কুলদীপ যাদবকে ভাল বোলার হিসেবে উল্লেখ করলেও, চূড়ান্ত সিদ্ধান্তে অধিনায়কের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে দিয়েছেন গম্ভীর। অর্থাৎ দল নির্বাচন নিয়ে বাইরে থেকে ওঠা প্রশ্নের বদলে মাঠে ফল দেওয়াকেই অগ্রাধিকার দিতে চান তিনি। সমালোচনা সামলানোর বদলে ভারতীয় দলের লক্ষ্য এখন ধারাবাহিক ভাবে ম্যাচ জিতে ট্রফির দিকে এগোনো।
এর পাশাপাশি টেস্ট ক্রিকেটের সূচি নিয়েও বড় বার্তা দিয়েছেন গম্ভীর। তাঁর মতে, ২ ম্যাচের বদলে ৩ ম্যাচের টেস্ট সিরিজই আদর্শ। প্রথম টেস্টে হেরে গেলে ৩ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে, যা ২ ম্যাচের সিরিজে অনেকটাই কম। শরীরের ধকল সামলে ক্রিকেটারদের প্রস্তুত করাও সম্ভব বলে মনে করেন তিনি। তাঁর বক্তব্য, বিশ্রাম ও ঐচ্ছিক অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের শরীর সামলে নেওয়া যায়। তাই ৩ টেস্টের সিরিজ চালু হলে লড়াই আরও জমবে এবং একটি ম্যাচের ফল দিয়ে পুরো সিরিজের ভাগ্য নির্ধারিত হবে না।