ঘাটাল, রেশমি ব্যানার্জি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের প্রতিবাদে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়লো পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। প্রধানমন্ত্রীকে অপমান করার প্রতিবাদে বাম ও কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নামল কয়েক হাজার মানুষ। অভিযোগ করা হয় বাম ও কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করা হয়েছে। তারই প্রতিবাদে প্রায় ১৫ হাজার মানুষ রাস্তায় নামে।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, প্রধানমন্ত্রীর অপমান কোনওভাবেই মেনে নেওয়া যাবে না। তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করেছেন এই প্রতিবাদ মিছিলে। অন্তত ১৫ হাজার মানুষ অংশ নিয়েছে এই প্রতিবাদ মিছিলে। তাদের হাতে রয়েছে প্ল্যাকার্ড, মুখে রয়েছে স্লোগান। প্রধানমন্ত্রীর অপমানের বিরুদ্ধেই সরব হয়েছেন তারা।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে তা বলে দেশের প্রধানমন্ত্রীর অপমান কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এরই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।
কাতারে, কাতারে মানুষ ভিড় করেন ঘাটালের রাস্তায়। এই বিরাট জনমিছিলকে দেখে একেবারে হতবাক হয়ে যায় এলাকার মানুষেরা। এই বিরাট বড় মিছিলের জন্য একাধিক রাস্তায় যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশ প্রশাসনের উপস্থিতি যথেষ্টই লক্ষ্য করা যায়। এই মিছিলের মধ্যে দিয়ে একটা বার্তাই স্পষ্ট, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কুরুচিকর মন্তব্য বরদাস্ত করা হবে না। প্রয়োজনে রাস্তায় নামবেন মানুষ।




