লর্ডসে ভারত-ইংল্যান্ড একদিনের ম্যাচকে অনেকেই রোহিত শর্মার ভারতের জার্সিতে শেষ ম্যাচ বলে মনে করেছিলেন। তবে সেই ম্যাচেই দুরন্ত ১৩৮ রানের শতরান করে সব জল্পনায় কার্যত জল ঢেলে দেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসের পর অবসর নিয়ে চলা আলোচনা অনেকটাই থেমে গিয়েছে।
মঙ্গলবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে কিয়া ওভালে গ্যালারিতে উপস্থিত ছিলেন রোহিত। এমআই লন্ডন ও সানরাইজার্স লিডসের ম্যাচ দেখতে আসা রোহিতকে দেখে ধারাভাষ্যকারের ভূমিকায় থাকা ভারতের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী তাঁর ভবিষ্যৎ নিয়ে চলা বিতর্কের প্রসঙ্গ তোলেন।
রোহিতকে ঘিরে সমালোচকদের একহাত নিয়ে শাস্ত্রী বলেন, "হিটম্যান এখানে রয়েছে। শেষ একদিনের ম্যাচের আগে ওকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। কিন্তু ও ব্যাট হাতে দারুণভাবে জবাব দিয়েছে। ১৩৮ রানের ইনিংস খেলেছে, লর্ডসে সেটাই ওর প্রথম শতরান। সমালোচকদের মুখে ব্যাট দিয়েই কষে থাপ্পর মেরেছে।"
শাস্ত্রী আরও মনে করিয়ে দেন, রোহিতের কেরিয়ার একাধিক অর্জনে ভরপুর। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন তিনি। তাই তাঁর অভিজ্ঞতা ও সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার আগে মাঠের পারফরম্যান্সই যে শেষ কথা বলে, লর্ডসের শতরান তারই প্রমাণ।