আইসিডিএস কেন্দ্রের গাফিলতিতে গুরুতর জখম এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে একটি আইসিডিএস কেন্দ্রের। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে প্রথমে জিরেনগাছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে কলকাতার আর.জি. কর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। আইসিডিএস কেন্দ্রের রাঁধুনি ও শিক্ষিকার বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তারা।
স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় আইসিডিএস কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রাঁধুনি ও শিক্ষিকা কেউই উপস্থিত ছিলেন না। তাঁদের অনুপস্থিতিতে এক ব্যক্তি একদিকে রান্নার দায়িত্ব সামলাচ্ছিলেন সেইসাথে শিশুদের দেখাশোনাও করছিলেন। সেই সময় অসাবধানতাবশত শিশুটির বুকের ও হাতের উপর পড়ে যায় গরম জল। মুহূর্তের মধ্যে গুরুতর দগ্ধ হয় শিশুটি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে আইসিডিএস সেন্টারে দায়িত্বে গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। শিশুটির দ্রুত শুশ্রুষার কামনা করছেন গ্রামবাসীরা।