নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের উদ্দেশে মিছিল করতে গিয়ে দিল্লিতে আটক হলেন ইন্ডিয়া ব্লকের একাধিক শীর্ষ নেতা। মঙ্গলবার নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল নিয়ে এগোচ্ছিলেন বিরোধী সাংসদরা। নীতি আয়োগের কাছে পৌঁছতেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর সেখানেই অবস্থানে বসে পড়েন বিরোধী সাংসদরা। পরিস্থিতি ঘিরে এলাকায় তৈরি হয় তীব্র উত্তেজনা।
পুলিশের তরফে বারবার অবস্থান তুলে নেওয়ার অনুরোধ করা হলেও তাতে রাজি হননি বিরোধী সাংসদরা। শেষ পর্যন্ত তাঁদের সরাতে শুরু করে পুলিশ। একে একে বেশ কয়েকজন সাংসদকে আটক করে বাসে তোলা হয়। অভিযোগ, অনেককেই টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
আটক হওয়া নেতাদের মধ্যে রয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া ব্লকের একাধিক সাংসদ। ঘটনাকে কেন্দ্র করে বিরোধী শিবিরের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে নিজেদের বক্তব্য ও দাবি জানাতেই তাঁরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। কিন্তু তাঁদের মিছিল আটকে দিয়ে গণতান্ত্রিক প্রতিবাদের অধিকার খর্ব করা হয়েছে। পুলিশি পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই মিছিল আটকে দেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে রাহুল-প্রিয়াঙ্কা-অভিষেক-সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ঘটনার পর দিল্লির রাজনীতিতে ফের মুখোমুখি ইন্ডিয়া ব্লক ও কেন্দ্রীয় প্রশাসন। নির্বাচন কমিশনের উদ্দেশে বিরোধীদের এই মিছিল এবং পুলিশের আটক দুই নিয়েই দিনভর রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে।