ক্রিকেটের মতো ভারতীয় হকি দলের জার্সির চিরাচরিত রংও নীল। তবে এ বার পরিচিত নীল জার্সির বদলে গেরুয়া জার্সিতে দেখা যাবে জাতীয় হকি দলকে। আসন্ন ২০২৬ পুরুষ ও মহিলা হকি বিশ্বকাপের জন্য নতুন গেরুয়া জার্সি উন্মোচন করেছে হকি ইন্ডিয়া। আগামী ১৪ থেকে ৩০ আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হবে পুরুষদের বিশ্বকাপ। আর ১৫ থেকে ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে মহিলাদের প্রতিযোগিতা।
এ দিকে নীল জার্সির রং পাল্টে গেরুয়া রাখায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার হকি ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। সংস্থার দাবি, আধুনিক নীল সিন্থেটিক টার্ফে নীল জার্সি পরলে খেলোয়াড়দের একে অপরকে দ্রুত চিহ্নিত করতে সমস্যা হচ্ছিল। কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেই গেরুয়া রং বেছে নেওয়া হয়েছে। পাশাপাশি, এই রং ভারতের জাতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক গুরুত্বও বহন করে বলেও জানানো হয়েছে।
যদিও এই সিদ্ধান্তে আপত্তি তুলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ভিরেন রাসকিনহা। তাঁর বক্তব্য, ভারতীয় হকির পরিচয় বরাবরই নীল জার্সির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই ঐতিহ্য ভেঙে নতুন রঙে যাওয়ার সিদ্ধান্তে কার্যত হতভম্ব তিনি। পাশাপাশি সমাজ মাধ্যমেও একাধিক নেটিজেন একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে শুধু সমর্থকরাই নন। দেশের একাধিক রাজনৈতিক নেতাও বিষয়টিকে ঘিরে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, গেরুয়া জার্সি বেছে নিয়ে খেলাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়েছে এবং তা শাসক দল বিজেপির পতাকার রঙের সঙ্গে মিলে যায়। যদিও হকি ইন্ডিয়া স্পষ্ট জানিয়েছে, এই পরিবর্তন সম্পূর্ণ প্রযুক্তিগত। আর খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখেই করা হয়েছে। সংস্থার দাবি, বিতর্কের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।