স্পোর্টস ডেস্ক: অপেক্ষা বাড়ল হার্দিক পাণ্ডিয়া এবং ঋষভ পন্থের। বুধবার ঘোষিত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের দলে ডাক পেলেন না তাঁরা। তবে দুই তারকার নাম না থাকলেও ১৫ জনের দলে ফিরেছেন রুতুরাজ গাইকোয়াড় এবং রবীন্দ্র জাদেজা। অন্যদিকে এই প্রথমবার টিম ইন্ডিয়ার একদিনের দলে ডাক পেয়েছেন জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবি এবং অলরাউন্ডার নমন ধীরও।
২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামছেন শুভমান গিলরা। তার আগে সংশয় রয়েছে হার্দিকের ফিটনেস নিয়ে। আইপিএলের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে আর দেখা যায়নি তাঁকে। এই অবস্থায় আগামী ২০ সেপ্টেম্বর ফিটনেস পরীক্ষা দিতে হবে হার্দিককে। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে পুদুচেরিতে তিন ম্যাচের এক দিনের সিরিজে ভারত ‘এ’-র হয়ে খেলবেন তিনি। সেখানে ১০ ওভার বল করার সক্ষমতা প্রমাণ করতে হবে তাঁকে। সেই পরীক্ষায় পাশ করলেই তবেই তৈরি হতে পারে জাতীয় দলে ফেরার সম্ভাবনা। হার্দিকের অনুপস্থিতিতে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে ওয়ানডে দলে নেওয়া হয়েছে নীতীশ কুমার রেড্ডিকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলও বেছে নিয়েছেন অজিত আগরকারের নেতৃত্বাধীন কমিটি। এশিয়ান গেমসে দেশকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। ফলে একই সময়ে হতে চলা ওডিআই সিরিজে গিলের সহ-অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। এ ছাড়া রোহিত শর্মা এবং বিরাট কোহলি তো রয়েছেনই, পাশাপাশি শ্রেয়সের জায়গায় চার নম্বরে খেলতে পারেন রুতুরাজ। অন্যদিকে ইংল্যান্ড সিরিজে সুযোগ না পাওয়া রবীন্দ্র জাদেজা ফিরেছেন হর্ষ দুবের চোটের কারণে। দলে ফিরেছেন মহম্মদ সিরাজও। যদিও এশিয়ান গেমসে ব্যস্ত থাকার কারণে পাওয়া যাবে না জশপ্রীত বুমরাহকে।
এ দিকে, চোটের কারণে জাপানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ এবং এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন বরুণ চক্রবর্তী। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে বিপরাজ নিগমকে। অন্যদিকে, ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশ দলের অধিনায়ক করা হয়েছে ঋষভ পন্থকে। আগামী ১ থেকে ৫ অক্টোবর শ্রীনগরে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলবে সেই দল। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে পন্থের অনুপস্থিতির কারণটা আরও স্পষ্ট হল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতীয় দল:
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গাইকোয়াড়, ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নমন ধীর, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ এবং আকিব নবি
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিংহ, প্রিন্স যাদব এবং ময়ঙ্ক যাদব
জাপান টি-টোয়েন্টি ও এশিয়ান গেমসের জন্য ভারতের সংশোধিত দল:
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, বৈভব সূর্যবংশী, যশ ঠাকুর এবং বিপরাজ নিগম
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজের সূচি:
২৭ সেপ্টেম্বর: প্রথম এক দিনের ম্যাচ, তিরুবনন্তপুরম
৩০ সেপ্টেম্বর: দ্বিতীয় এক দিনের ম্যাচ, গুয়াহাটি
৩ অক্টোবর: তৃতীয় এক দিনের ম্যাচ, নিউ চণ্ডীগড়
টি-টোয়েন্টি সিরিজের সূচি:
৬ অক্টোবর: প্রথম টি-টোয়েন্টি, লখনউ
৯ অক্টোবর: দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি
১১ অক্টোবর: তৃতীয় টি-টোয়েন্টি, ইন্দোর
১৪ অক্টোবর: চতুর্থ টি-টোয়েন্টি, হায়দ্রাবাদ
১৬ অক্টোবর: পঞ্চম টি-টোয়েন্টি, বেঙ্গালুরু