স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন মরশুম শুরুর আগে ফের আলোচনায় আইপিএলের ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। ২০২৭ সালের আইপিএলে এই নিয়ম থাকবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে বিসিসিআই। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, বিষয়টি নিয়ে সব পক্ষের মতামত নেওয়া হবে। তার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ, আগামী মরশুমে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকছে কি না, তা এখনই নিশ্চিত নয়।
গত কয়েকটি মরশুমে আইপিএলের অন্যতম আলোচিত বিষয় এই 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মটি। ম্যাচ চলাকালীন যা ব্যবহার করে কোনও দল যে কোনও সময় একজন ক্রিকেটারকে বদলে তাঁর জায়গায় অন্য ক্রিকেটারকে নামানোর সুযোগ পায়। তবে এই নিয়ম নিয়ে শুরু থেকেই রয়েছে বিতর্ক। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, এর ফলে অলরাউন্ডারদের গুরুত্ব কমে যাচ্ছে। কারণ, আগে যে ক্রিকেটার ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দলের ভারসাম্য বজায় রাখতেন, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে সেই প্রয়োজন অনেকটাই কমে যায়।
ভারতীয় ক্রিকেটের একাধিক পরিচিত মুখও এই নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমান গিল, প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল। ২০২৬ সালের আইপিএল শুরুর আগেও অধিকাংশ দলের অধিনায়ক ভারতীয় বোর্ডের কাছে নিয়মটি নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন। তার পরেই নিয়মটি তুলে দেওয়ার দাবি নতুন করে জোরালো হয়। সাম্প্রতিক গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এখনই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বাতিল হচ্ছে, এমন কোনও সিদ্ধান্ত হয়নি। অরুণ ধুমলের কথায়, বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। সমস্ত ‘স্টেকহোল্ডার’-এর মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। পাশাপাশি ২০২৭ সালের আইপিএল নিলামও ভারতে ফেরানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। গত তিনটি নিলাম যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবু ধাবিতে হয়েছিল। ধুমল জানিয়েছেন, এ বার নিলাম দেশে করার ইচ্ছা রয়েছে। তবে কোন শহরে নিলাম হবে, তা নির্ভর করবে বিসিসিআইয়ের পছন্দের ওপর।