আরও একটি নজিরবিহীন মুহূর্তের সাক্ষী থাকল ফুটবল দুনিয়া। ইরানের ফুটবলার নাদের মহম্মদি যা করে দেখালেন, তা এক কথায় নজিরবিহীন। থ্রো-ইন করতে গিয়ে ডিগবাজি খান তিনি। ‘সামারসল্ট’ করে ছুঁড়ে দেওয়া তাঁর বল সরাসরি গিয়ে পড়ে প্রতিপক্ষের বক্সে। সেখান থেকেই গোল। এমন অদ্ভুত কায়দায় অ্যাসিস্ট করে রাতারাতি নজর কেড়েছেন মহম্মদি। মুহূর্তটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমেও।
এই ধরনের থ্রো-ইনকে ফুটবলের পরিভাষায় বলা হয় ‘ফ্লিপ থ্রো’। এই ঘটনাটি ঘটেছে রাশিয়ার দ্বিতীয় ডিভিশনের একটি ম্যাচে। স্পার্টাক কস্ত্রোমার হয়ে খেলছিলেন ২৯ বছরের মহম্মদি। তিনি মূলতঃ সেন্টার ব্যাক হিসেবেই খেলেন। এ দিন বিপক্ষে ছিল এসকেএ খাবারোভস্ক। আর প্রতিপক্ষের বক্সের কাছ থেকে থ্রো-ইন পেয়েছিল মহম্মদির দল। বল হাতে নিয়ে কয়েক পা পিছিয়ে গিয়ে আচমকাই মাটিতে হাত রেখে ডিগবাজি খান মহম্মদি।
এর পর সেই অবস্থাতেই প্রচণ্ড জোরে বল ছুড়ে দেন বক্সের মধ্যে। তাঁর থ্রো থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করে স্পার্টাক। অবশ্য এটাই মহম্মদির প্রথম ‘ফ্লিপ থ্রো’ নয়। ২০২১ সালে একটি ম্যাচে নিজের অর্ধ থেকেই একই কায়দায় বল ছুড়েছিলেন তিনি। তবে সে বার তাঁর থ্রো থেকে গোল আসেনি। ফুটবলে এই বিশেষ ধরনের থ্রো-ইন জনপ্রিয় করার কৃতিত্ব এস্তোনিয়ার রিস্তো কালাস্তে এবং নিউক্যাসলের স্টিভ ওয়াটসনের।
১৯৯০-এর দশকের গোড়ায় তাঁদের এই কৌশল নজর কেড়েছিল। পরে বিশ্বের আরও অনেক ফুটবলারকেই এই কায়দায় থ্রো-ইন করতে দেখা যায়। উল্লেখ্য, নাদের মহম্মদির ফুটবল কেরিয়ারের শুরু পাইকান ক্লাবের হয়ে। পরবর্তীতে ইরানের একাধিক ক্লাবে খেলেছেন তিনি। পার্সিয়ান গাল্ফ প্রো লিগে ১০০-রও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে এ বার রাশিয়ার মাঠে এক ডিগবাজি খেয়ে দেওয়া থ্রো-ইন দিয়েই ফের আলোচনার কেন্দ্রে ইরানের এই ফুটবলার।