যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লার পাশে দাঁড়ালেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘জেহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই।’ একই সঙ্গে হেজবোল্লার যোদ্ধাদের সাহসিকতার ভূয়সী প্রশংসাও করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় মোজতবা খামেনেই লেখেন, “লেবাননের ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা ইরানের দায়িত্ব। ইজরায়েলের ব্যাপক আক্রমণের সামনে একমাত্র হেজবোল্লাই অটল শিলার মতো দাঁড়িয়ে রয়েছে।” এরপরই তিনি বলেন, “জেহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনও পথ নেই। এই লড়াই অব্যাহত থাকলে শেষ পর্যন্ত সত্যের পক্ষে থাকা শক্তিরই জয় হবে।” হেজবোল্লার যোদ্ধাদের তিনি আরও বলেন, “এই সংগঠনের যোদ্ধারাই ছোট একটি চারাগাছকে আজ বিশাল বৃক্ষে পরিণত করেছে।”
শুধু হেজবোল্লার প্রশংসাই নয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের জন্য আমেরিকাকেও দায়ী করেছেন ইরানের সুপ্রিম লিডার। তাঁর অভিযোগ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তা মূলত আমেরিকার চাপিয়ে দেওয়া সংঘাত। তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আমেরিকার সঙ্গে কোনও সমঝোতা হয়, তবে সেই আলোচনায় লেবাননে ইজরায়েলের সামরিক অভিযান বন্ধ করার বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
উল্লেখ্য, হামাসের মতোই হেজবোল্লাকেও সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য ঘোষণা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি-আলোচনার প্রসঙ্গে লেবাননে হামলা বন্ধের প্রস্তাব ওঠে, ইজরায়েল তাতে সায় দেয়নি। বরং তেল আভিভের অভিযোগ, হেজবোল্লাকে প্রত্যক্ষভাবে সামরিক ও রাজনৈতিক মদত দিচ্ছে তেহরান। এই পরিস্থিতিতে মোজতবা খামেনেইয়ের সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিল, হেজবোল্লার প্রতি ইরানের রাজনৈতিক ও আদর্শগত সমর্থন এখনও অটুট।