গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন তলানিতে গিয়ে ঠেকেছে ঠিক তখনই ক্রিকেট মাঠে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক ছবি। বিলেতের মাটিতে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ম্যাচ শেষে একে অপরকে আলিঙ্গন করলেন ভারতের জেমাইমা রডরিগেজ এবং পাকিস্তানের অলরাউন্ডার ফতিমা সানা। সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। ফলে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের করমর্দন না করার প্রসঙ্গও।
বৃহস্পতিবার সাদার্ন ব্রেভ ও বার্মিংহ্যাম ফিনিক্সের ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা পরস্পরের সঙ্গে করমর্দন করছিলেন। সেই সময় জেমাইমা ও ফতিমাকে শুধু হাত মেলাতেই নয়, বরং আলিঙ্গন করতেও দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছে সমাজ মাধ্যমে। নেটাগরিকদের অনেকেই এই ঘটনাকে সমর্থন জানিয়ে খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার পক্ষে সওয়াল করেছেন। আবার কেউ কেউ এই দৃশ্য নিয়ে ভিন্ন মতও প্রকাশ করেছেন।
ম্যাচে অবশ্য ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন জেমাইমা। সাদার্ন ব্রেভের হয়ে মাত্র ১৮ বলে অপরাজিত ২৮ রান করেন তিনি। অন্য দিকে ফতিমার দিনটা তেমন ভালো কাটেনি। ব্যাটে-বলে বড় কোনও প্রভাব ফেলতে পারেননি পাকিস্তানের এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২৪ রানে জয় তুলে নেয় সাদার্ন ব্রেভ। চলতি মরসুমে এটি তাদের টানা চতুর্থ জয়। উল্টোদিকে বার্মিংহ্যাম ফিনিক্স এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি।
তবে ম্যাচের ফলের থেকেও জেমাইমা-ফতিমার সেই আলিঙ্গনই এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে গত বছর এশিয়া কাপে এবং এ বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমনকি পাক বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে এশিয়া কাপ ট্রফি নিতেও অস্বীকার করে তারা। এই পরিস্থিতিতে জেমাইমা-ফতিমার আলিঙ্গন জন্ম দিল এক নয়া বিতর্কের।