নেপাল, নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে রাস্তাঘাট, নদীর সেতুসহ যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। এই দুর্যোগের মধ্যে আটকে রয়েছেন টলিউডের দুই পরিচিত অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। খরাজের সঙ্গে রয়েছেন তার স্ত্রী প্রতিভা। এছাড়াও শুটিংয়ের অন্যান্য সদস্যাও আটকে পড়েছেন এই ভয়াবহ দুর্যোগে।
জানা গিয়েছে, ছবির শুটিংয়ে ২০ আগস্ট সস্ত্রীক নেপালে পৌঁছেছিলেন খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন শিল্পী। তবে সেখানে পৌঁছানোর পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছিল শুটিং। এরই মধ্যে রাসুয়া এলাকায় আচমকা হড়পা বানে পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। ফলে শুটিং শেষ করে নির্ধারিত সময়ে নেপাল ছাড়তে পারেন নি অভিনেতারা।
প্রাথমিক অবস্থায় খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। স্বাভাবিকভাবেই পরিবার ও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ। তবে পরবর্তী কালে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। খরাজ নিজে জানান, তারা সকলেই নিরাপদে রয়েছেন। খরাজপুত্র তমোঘ্ন জানিয়েছেন, নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে না ঠিকই। কিন্তু আগের দিন তার মায়ের সঙ্গে কথা হয়েছিল। বর্তমানে তারা নিরাপদে আছেন।
মূলত প্রাকৃতিক দুর্যোগে কাঠমান্ডু যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিমান ধরতে পারেননি তারা। তাই বিকল্প পথের সন্ধান করেছেন টিমের সকলে। সূত্রের খবর , সড়কপথে ভারতের সীমান্তের দিকে গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে তাদের। সেখানকার পরিস্থিতি অনুকূল থাকলে ২৮ অগাস্ট বিমান ধরে কলকাতায় ফিরতে পারেন তারা।
আচমকা হড়পা বানে রাস্তা, সেতু থেকে শুরু করে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজে নেমেছে নেপাল সেনা ও নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ। এমন ভয়াবহ দুর্যোগে আপাতত নিরাপদে রয়েছেন খরাজ, রজতাভ সহ শুটিং দলের সকলেই। তবে দুর্যোগের পরিস্থিতির উপর নির্ভর করেই তারা দেশে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।