কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! এবার ইন্ডিগো বিমানের মধ্যে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল বিমানবন্দরে। ফুকেট থেকে আসা ওই বিমানের শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে বোমা রাখার কথা লেখা রয়েছে বলে অভিযোগ। বিমানের কেবিন ক্রুদের নজরে আসে বিষয়টি। এরপরই নিরাপত্তা নিয়ে তৎপরতা শুরু হয় বিমানবন্দরে।
সূত্রের খবর, বিমানের শৌচালয়ের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা ছিল, বিমানে বোমা রাখা রয়েছে। বিষয়টি জানাজানি হতেই নিরাপত্তারক্ষীদের সতর্ক করা হয়। ইতিমধ্যেই বিমানের ভিতরে তল্লাশি শুরু করেছে সিআইএসএফ। বিমানের প্রতিটি অংশ খতিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। সত্যিই কোথাও কোনও বিস্ফোরক রাখা রয়েছে কি না, তা নিশ্চিত করতে চলছে চিরুনি তল্লাশি। কে বা কারা এই বার্তা লিখেছে, কী উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, শুক্রবার সকালেও কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। মহিলাদের শৌচালয়ে একটি টিস্যু পেপারে লেখা, ‘২৩ নম্বর গেটে বোমা মজুত রয়েছে। সিআইএসএফ-কে উড়িয়ে দেওয়া হবে।’ সেই টিস্যু উদ্ধার হওয়ার পরেই শুক্রবার বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াড। কে বা কারা বোমা রাখা আছে বলে লিখল এই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। যদিও তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এই ঘটনার পর এদিন ফের ইন্ডিগোর বিমানের শৌচালয়ে দেখা যায় লিপস্টিক দিয়ে বিমানে বোমা থাকার কথা লেখা রয়েছে। যা বিমানকর্মীদের নজরে পড়তেই শোরগোল শুরু হয়েছে।




