নিউজ ডেস্ক: সকালের জলখাবার হোক বা বিকেলের টিফিন, পরোটা খেতে ভালবাসেন না এমন মানুষ কমই আছেন। তবে সেই পরোটা তৈরির পদ্ধতি দেখলে খাবারের মান নিয়ে উঠবে প্রশ্ন। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ঘিরে তেমনই উদ্বেগ তৈরি হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশাল পাত্রে রাখা ময়দা হাতের বদলে পা দিয়ে মাখছেন দুই ব্যক্তি। ভিডিয়োটি রাজস্থানের ভীলওয়ারারের।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ ময়দা একটি বড় পাত্রে রাখা হয়েছে। আর সেই ময়দা মাখা হচ্ছে পা দিয়ে। আর তারপরই তৈরি হচ্ছে বিশাল আকারের পরোটা। পাশে রাখা কড়াইয়ে সেই পরোটা ভাজা হচ্ছে। ক্যামেরায় ধরা পড়েছে, আশপাশে আরও অনেক পরোটা ভেজে রাখা রয়েছে।
https://x.com/ssksingh84/status/2113243852132000227?s=20
ভিডিও সামনে আসতেই খাবারের মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে, যে খাবার সরাসরি মানুষের পাতে পৌঁছতে পারে, তা তৈরির সময় পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা জরুরি, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। তবে ঠিক কোন জায়গায় এই পরোটা তৈরি হচ্ছিল, তা স্পষ্ট নয়।
‘এসএসকেসিংহ৮৪’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে বলে জানা গিয়েছে। পরোটাগুলি কোনও খাবারের দোকানে বিক্রির জন্য তৈরি করা হচ্ছিল, নাকি কোনও ভোজের অনুষ্ঠানের আয়োজনের জন্য, সেই বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাইরে খাবার খেতে দামের পাশাপাশি খাবারের মানও খতিয়ে দেখা দরকার । খাবার তৈরির জায়গা, ব্যবহৃত পাত্র এবং প্রস্তুতকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। তবে ভাইরাল ভিডিয়োটির সম্পূর্ণ প্রেক্ষাপট এবং ঘটনার সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা না গেলে, শুধু ভিডিয়ো দেখে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
ভিডিও ভাইরাল হতেই অনেকে বলেছেন পছন্দের খাবার খাওয়ার আগে প্রস্তুত প্রণালিও যাচাই করে নেওয়া জরুরি।




