কলকাতা, নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজো মানেই বাঙালির কাছে ঘুড়ি উৎসব। এই ভাদ্র সংক্রান্তি আর মাঘ মাসে সরস্বতী পুজোর দিনে বাঙালি ঘুড়ি ওড়াবে না, তাও কি হয়? সেই চেনা বাঙালি মেজাজেই এ বার দেখা গেল কুণাল ঘোষকে। বিশ্বকর্মা পুজোর সকালে নিজের বাড়ির ছাদে লাটাই হাতে ঘুড়ি ওড়ালেন তৃণমূল বিধায়ক। তবে নিছক উৎসবের আনন্দে থেমে থাকেননি তিনি। স্বকীয় ভঙ্গিতেই ঘুড়ির সুতো আর রাজনীতির ‘লাটাই’-এর যোগসূত্র টেনে বিজেপিকেও নিশানা করেছেন কুণাল।
শুধু সাধারণ মানুষ নয়। এই বিশেষ দিনে লাটাই সামলানোর চেনা ছবিতে শামিল হন সেলিব্রেটিরাও। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর দুটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন কুণাল। তারই একটিতে রাজ্যের শাসক দলের উদ্দেশ্য কড়া হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে। কুণালের বক্তব্য, "বিজেপি তুমি যতই ওড়াও ঘুড়ি, বাংলার রাজনীতির লাটাই থাকবে একজনের হাতেই। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।" এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে ইঙ্গিত করে একটি বহুল প্রচলিত হিন্দি প্রবাদও মনে করিয়ে দেন তিনি।
কুণাল বলেন, "মমতা দিদি যাহা খাড়ি হোতি হ্যায়, লাইন ওহি সে শুরু হোতা হ্যায়।" উল্লেখযোগ্য বিষয় হল, কুণালের এই মন্তব্য এমন এক সময়ে, যখন তৃণমূলের দলীয় প্রতীককে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। তবে প্রতীক যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা যে তাঁর এখনও আছে ভিডিয়োটিতে সেটাই বুঝিয়ে দিয়েছেন বেলেঘাটার বিধায়ক। যদিও আবহটা ছিল বস্তুতঃ উৎসবের। ছাদে দাঁড়িয়ে একেবারে ছুটির মেজাজে ঘুড়ি ওড়াচ্ছেন তিনি। আর সেই দৃশ্যের সঙ্গেই জুড়ে দিয়েছেন রাজনৈতিক বক্তব্য।
বিশ্বকর্মা পুজোর ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে কুণালের এই রাজনৈতিক বার্তা ইতিমধ্যেই ভাইরাল সমাজ মাধ্যমে। বাঙালির পছন্দের ঘুড়ি, লাটাই এবং সুতোকে রাজনৈতিক রূপক হিসেবে ব্যবহার করে, এক কথায়, নিজের অবস্থানই স্পষ্ট করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্যের মূল সুর এটাই যে, ক্ষমতায় যেই থাকুক, বঙ্গ রাজনীতিতে নেতৃত্বের লাটাই আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই আছে। বিশ্বকর্মা পুজোর সকালে তাই কুণালের ঘুড়ি শুধু আকাশেই ওড়েনি, সমাজ মাধ্যমেও স্বমহিমায় উড়েছে রাজনীতির বার্তাবাহক হয়ে।