সংসদ ভবন চত্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল। প্রায় আধ ঘণ্টার এই বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে জোরাল হয়েছে বিজেপি ও অকালি দলের সম্ভাব্য জোটের জল্পনা। বৈঠক শেষে অবশ্য মোদী বা সুখবীর কোনও পক্ষই আলোচনার বিষয়বস্তু নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি।
আগামী বছর পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, গত কয়েকটি নির্বাচনে আলাদা ভাবে লড়াই করে দুই দলই বড় ধাক্কা খেয়েছে। সেই অভিজ্ঞতা থেকে ফের পুরনো সম্পর্ক মেরামতের চেষ্টা শুরু হতে পারে।
২০২০ সালের সেপ্টেম্বরে তিনটি কৃষি আইনকে কেন্দ্র করে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল শিরোমণি অকালি দল। কৃষকদের স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে সেই সময় কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দিয়েছিলেন সুখবীরের স্ত্রী হরসিমরত কউর বাদল। পরে কৃষি আইন প্রত্যাহার করলেও বিজেপি-অকালি সম্পর্ক আর আগের জায়গায় ফেরেনি।
২০২২ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি ও অকালি দল আলাদা ভাবে লড়াই করে। অকালি দল বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেছিল। ১১৭ আসনের বিধানসভায় অকালি দল মাত্র তিনটি আসনে জয় পায়। অন্য দিকে, বিজেপি পায় মাত্র দু’টি আসন। নির্বাচনে আম আদমি পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনেও পঞ্জাবে বিজেপি ও অকালি দল আলাদা ভাবে লড়াই করে। রাজ্যের ১৩টি লোকসভা আসনের মধ্যে অকালি দল একটি আসনে জয়ী হয়। সেই আসনটি ধরে রাখেন হরসিমরত কউর বাদল। বিজেপি পঞ্জাবে কোনও আসনেই জয় পায়নি। কংগ্রেস সাতটি এবং আম আদমি পার্টি একটি আসনে জয় পায়। পাশাপাশি দু’টি আসনে খলিস্তানপন্থী নির্দল প্রার্থীরাও জয়ী হন।
এই পরিস্থিতিতে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও অকালি দলের ফের কাছাকাছি আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে অকালি দলের অভ্যন্তরেও সুখবীর বাদলের নেতৃত্ব নিয়ে মতবিরোধ রয়েছে। দলের কয়েক জন প্রভাবশালী নেতা ইতিমধ্যেই তাঁর নেতৃত্ব থেকে দূরত্ব তৈরি করেছেন।
অন্য দিকে, সুখবীর ও মোদীর বৈঠককে কটাক্ষ করেছে পঞ্জাবের শাসকদল আম আদমি পার্টি। যদিও বৈঠকটি আদৌ কোনও নতুন রাজনৈতিক সমঝোতার সূচনা কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও বার্তা মেলেনি। ফলে আগামী দিনে দুই দলের অবস্থান কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।