নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের পর প্রথমবার পশ্চিমবঙ্গে পা রাখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রবিবার, ২৭ সেপ্টেম্বর কলকাতায় পৌঁছন তিনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।
দু’দিনের বঙ্গ সফরে নিতিন নবীনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। বিজেপির সাংগঠনিক স্তরে সাম্প্রতিক রদবদলের পর তাঁর এই সফরকে ঘিরে দলের অন্দরে তৎপরতা বেড়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা নিয়ে আলোচনা করার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।
সূত্রের খবর, রবিবার কলকাতায় একাধিক বৈঠকে যোগ দেবেন নিতিন নবীন। রাজ্য বিজেপির পদাধিকারী, মোর্চা নেতৃত্ব, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে তাঁর পৃথক বৈঠক হতে পারে। দলের মিডিয়া, আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর রাজ্যের সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক এবং মন্ত্রীদের সঙ্গে পৃথক আলোচনার কর্মসূচিও রয়েছে। সবশেষে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রতিটি গুরুত্বপূর্ণ বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিত থাকার কথা রয়েছে।
নিতিন নবীনের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে পারে রাজ্য সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক কাঠামোয় বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। মহিলা মোর্চা, যুব মোর্চা-সহ একাধিক ক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে নেতাদের। কয়েকটি সাংগঠনিক জেলার সভাপতিও পরিবর্তন করা হয়েছে।
এর পাশাপাশি পুরভোটের প্রস্তুতিও এই সফরে আলোচনার অন্যতম বিষয় হতে পারে বলে দলীয় সূত্রে খবর। আগামী দিনে সরকার ও সংগঠনের মধ্যে সমন্বয় কীভাবে আরও মজবুত করা যায়, সেই বিষয়েও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে নিতিন নবীন দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠকও করেছেন।
সোমবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। সূত্রের খবর, নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনী প্রচারেও যেতে পারেন তিনি। ফলে কলকাতা থেকে শুরু হওয়া এই দু’দিনের সফর শুধু সাংগঠনিক বৈঠকে সীমাবদ্ধ থাকবে, নাকি নির্বাচনী ময়দানেও তার প্রভাব দেখা যাবে—সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
এদিন বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নিতিন নবীনকে স্বাগত জানানোর ছবি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনের পর নতুন সরকার ও নতুন রাজ্য সংগঠনের সঙ্গে জাতীয় নেতৃত্বের সমন্বয়ের বার্তা হিসেবেও এই সফরকে দেখা হচ্ছে।
