গভীর রহস্যে মোড়া একটি অদ্ভুত কুয়ো। যে কুয়ো-কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাতের মরবি জেলার বীরপাড়া গ্রামে। না হয়েছে সুনামি না ভূমিকম্প বৃষ্টির পরে হঠাৎ করেই কুয়োর জল নিজের থেকেই প্রবলভাবেই নড়াচড়া শুরু করেছে। দেখে মনে হচ্ছে কেউ যেন নিজের থেকে জলটাকে নাড়াচ্ছে। বা জলটা ফুটছে। ভাইরাল হওয়া ভিডিও দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছেন নেটিজেনরা। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকবার বৃষ্টির পরে কুয়োর এই অস্বাভাবিক উথাল-পাঠাল দেখতে পাওয়া যাচ্ছে। কৌতুহলী মানুষজন ভিড় করছেন এই দৃশ্য দেখতে। কেউ কেউ মুঠোফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছে। এই ভিডিও তারাই পোস্ট করছে সমাজের মাধ্যমে। যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সর্বত্র।
প্রাথমিকভাবে ভূতত্ত্ববিদদের একাংশের অনুমান, মাটির গভীরে প্রবেশ করছে বৃষ্টির জল। পরবর্তীতে সেখানে আটকে থাকা কোন গ্যাসের চাপের কারণে সেই জল বেরিয়ে আসার চেষ্টা করছে। ওই গ্যাসের বুদবুদ উপরের দিকে উঠে আসার ফলে কুয়োর জলে এমন তীব্র উথাল পাথাল চলছে। যদিও এটা তাদের প্রাথমিক অনুমান। বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে এই মুহূর্তে পৌঁছাতে পারেনি বিজ্ঞানীরা।
এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেয়া হয়েছে মরবি জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলাশাসক বিষয়টি নিয়ে তৎপর থাকতে বলেছেন সকলকে। ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি দল কুয়োর জল, মাটির গঠন এবং সম্ভাব্য গ্যাসের নির্গমনের বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে তদন্তে রিপোর্ট হাতে পাওয়ার পর। এই মুহূর্তেই এ বিষয়ে বিশেষ কিছু তথ্য দিতে পারছে না জেলা প্রশাসন।
কুয়োর এই অস্বাভাবিক আচরণ ঘিরে এলাকায় কৌতূহলের পাশাপাশি নানান জল্পনা শুরু হয়েছে। যদিও বিশেষজ্ঞরা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন কোনো গুজবে কান না দিতে। যতক্ষণ না পর্যন্ত তদন্তের ফলাফল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এলাকার মানুষদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে।