তৃণমূলের বুথ সভাপতি বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার। ঘটনার জেরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ক্যানিং থানার দীঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া এলাকার বুথ সভাপতি আলাউদ্দিন তরফদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ২-টি বন্দুক, ৪-টি কার্তুজ এবং ১-টি তাজা বোমা। অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে তাদের কাছে খবর এসেছিল অভিযুক্ত আলাউদ্দিনের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। সেই খবর অনুসারে তারা রবিবার রাতেই তার বাড়িতে তল্লাশি চালায়। আর সেই তল্লাশিতেই মিলেছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। বেআইনিভাবে অস্ত্র ও বোমা মজুত রাখার অপরাধী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই অস্ত্র ও বোমা কোথা থেকে এসেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। কি উদ্দেশ্যে ধৃতের বাড়িতে বোমা মজুত করা হয়েছিল তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে তদন্তকারীদের মনে। দৃতের সঙ্গে কোনো পাচার চক্রের যোগ রয়েছে কিনা সেদিকেও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত কয়েকদিন আগেই ক্যানিং-এর ইটখোলা পঞ্চায়েতের দক্ষিণ ডেভিসাবাদ এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, ১২৫ টি খালি ১২ বোরের কার্তুজ, আগ্নেয়াস্ত্রের একাধিক যন্ত্রাংশ এবং একটি ভারী এয়ারগান উদ্ধার করেছিল পুলিশ। সেই রেস কাটতে না কাটতেই আবারো ক্যানিং এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হল। এই দুটি ঘটনার কোনো যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। আগামীতে তাকে জিজ্ঞাসাবাদ এর মধ্যে দিয়ে এই ঘটনার নেপথ্যে কি রয়েছে তা খতিয়ে দেখবে তদন্তকারীরা।