নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার মতুয়া ঠাকুরবাড়িতে পা রাখলেন শুভেন্দু অধিকারী। রবিবার বনগাঁর ঠাকুরনগরে দ্বিতীয় আন্তর্জাতিক মতুয়া গোঁসাই মহাসঙ্ঘের সম্মেলনে যোগ দিতে যান তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ঠাকুরবাড়িতে ছিল বিশেষ আয়োজন। নিজের হাতে নানা পদ রান্না করেন শান্তনুর স্ত্রী। জানেন কী কী ছিল মেনুতে?
রবিবার শান্তনু ঠাকুরের বাড়িতে মধ্যাহ্নভোজে সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রান্নার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন শান্তনুর স্ত্রী তথা বাগদার বিধায়ক সোমা ঠাকুর। সকাল থেকেই বাড়ির রান্নাঘরে শুরু হয় তোড়জোড়। জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকেই রান্নার কাজে হাত লাগান তিনি। মুখ্যমন্ত্রীর পছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয় বিশেষ খাবারের তালিকা।
মধ্যাহ্নভোজের মেনুতে ছিল একাধিক বাঙালি পদ। তালিকা শুরু হয় বেগুন ভাজা, উচ্ছে ভাজা এবং সবজি দিয়ে ডাল দিয়ে। মুখ্যমন্ত্রীর জন্য রয়েছে ছিল ঠাকুরবাড়ি স্পেশ্যাল চিংড়ি পিঠে। এছাড়াও ছিল চিংড়ির মালাইকারি, পমফ্রেট এবং ইলিশ মাছের নানা পদ। ইলিশ ভাজা ও ইলিশ ভাপার পাশাপাশি থাকছে মুরগির মাংস এবং খাসির মাংস। শেষ পাতে মিষ্টি, দই এবং ছানার পায়েস, চাটনির ব্যবস্থাও রাখা হয়েছে। ইলিশ ও চিংড়ি শুভেন্দুর বিশেষ পছন্দের বলেই এই দুই মাছকে কেন্দ্র করে মেনু সাজানো হয়েছে বলে জানিয়েছেন সোমা ঠাকুর।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী তথা বাগদার বিজেপি বিধায়িকা সোমা ঠাকুর বলেন, 'রান্না করতে অত্যন্ত ভালোবাসেন। বিশেষ ব্যক্তিত্বরা ঠাকুরবাড়িতে এলে তাঁদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর সুযোগ হাতছাড়া করতে চাননি। আজকের সব পদই চেখে দেখেছেন মুখ্যমন্ত্রী। ঠাকুরবাড়ির স্পেশ্যাল রান্না চিংড়ি পিঠে নিয়েছেন। কীভাবে চিংড়ি পিঠে বানিয়েছি, সেটা আমার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জেনেছেন।’
এদিন আন্তর্জাতিক গোঁসাই সম্মেলনে যোগ দিয়ে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মতুয়া মহাতীর্থে নতুন মন্দির থেকে বারুণী মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়া জানিয়েছেন তিনি। সিএএ-তে মতুয়াদের নাগরিকত্ব নিশ্চিত করার পাশাপাশি ঠাকুরনগরের দীর্ঘ ঐতিহ্য বজায় রাখার অঙ্গীকারও শোনা গেল মুখ্যমন্ত্রীর কথায়। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেন তিনি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমস্ত আইনি প্রক্রিয়া ও শুনানি সম্পূর্ণ করে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ (CAA) মারফত মতুয়াদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে বলে খবর।




