নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে প্রাণ গেল ২৯ জনের। মৃতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলে এই বিপর্যয় ঘটে। ১২ব৭৮ূ্ংলদুর্ঘটনায় ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, স্কুলে পড়াশোনা চলাকালীন আচমকাই ছাদ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পড়ুয়া ও স্কুলের কর্মীরা। কী ঘটেছে, তা বুঝে ওঠার আগেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর থেকেই ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। তড়িঘড়ি ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিশুদের উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে স্কুলবাড়িটির কাঠামো দুর্বল ছিল বলে জানিয়েছে পুলিশ। কী কারণে ছাদ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মহম্মদ আসিম জানিয়েছেন, মৃত পড়ুয়াদের প্রত্যেকের বয়স ১৩ বছর বা তার কম। নিহত শিশুদের মধ্যে ছয় জন ছাত্রী রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।
ইতিমধ্যে, দুর্ঘটনার পর স্কুলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।




