ভুয়ো পুলিশ সেজে সিগারেট লুঠ! এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের সিগারেট লুঠের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী এলাকায়। ইতিমধ্যেই ওই সিগারেট ব্যবসায়ী বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের পরিচয় এবং ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, প্রতারিত ওই সিগারেট বিক্রেতা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সিগারেট বিক্রি করেন। সেই কারণে তাঁর সাইকেলে প্রায়শই নামী দামি সিগারেট থাকে। ঘটনার দিন বাঁশদ্রোণীর একটি রাস্তায় ওই বিক্রেতার রাস্তা আটকানো হয় বলে অভিযোগ। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সিগারেট কেনার নথি দেখতে চায়। সন্দেহের বশে ওই বিক্রেতা প্রশ্ন করতে তাঁকে হুমকি ও মারধর করা হয়। তারপর তাঁকে বিলের উপর হোলসেলারের স্ট্যাম্প দিয়ে আসতে বলে।
এরপর ভয় পেয়ে ওই বিক্রেতা হোলসেলারের কাছে যান। ব্যবসায়ীকে সাইকেল ও সিগারেট পাহারা দেবে বলে জানায় অভিযুক্ত। বিলের উপর স্ট্যাম্প দিয়ে নিয়ে এসে দেখেন, তাঁর সাইকেল সেখানে পড়ে রয়েছে। কিন্তু উধাও হয়ে গিয়েছে পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তি এবং প্রায় ৮৫ হাজার টাকার সিগারেট। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।