নিউজ ডেস্ক: ‘শুদ্ধিকরণ’ বিতর্কে নাটকীয় মোড়। যে ঘটনায় এফআইআরের দাবিতে সরব হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সেই ঘটনায় এ বার তাঁরই বিরুদ্ধে মামলা দায়ের করল উত্তরাখণ্ড পুলিশ। রবিবার হলদওয়ানি থানায় ভারতীয় ন্যায় সংহিতা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে রাহুলের বিরুদ্ধে। দিনকয়েক আগে হলদওয়ানির রামলীলা ময়দানে সভা করেছিলেন কংগ্রেস সভাপতি তথা দলিত নেতা মল্লিকার্জুন খাড়গে।
অভিযোগ, তার পরেই সেখানে শুদ্ধিকরণ হোম করা হয়। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই ঘটনাকে ঘৃণ্য অপরাধ বলে তোপ দেগেছিলেন রাহুল। তাঁর অভিযোগ ছিল, এই ঘটনায় দলিতদের প্রতি অস্পৃশ্যতার মানসিকতা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযুক্তদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি আইনে এফআইআর করার দাবিও জানান তিনি।
কিন্তু রবিবারই পাল্টা অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হল রাহুলের বিরুদ্ধে। অভিযোগ করেছেন হলদওয়ানির জওহরনগর কলোনির বাসিন্দা ২৬ বছরের অমিত কুমার। যাঁর দাবি, তিনি বাল্মীকি সম্প্রদায়ের সদস্য। গত ১১ অগাস্ট রামলীলা ময়দানে যে পরিচ্ছন্নতা অভিযান ও ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল, তাতে তিনি ছাড়াও তফসিলি জাতির বেশ কয়েক জন সদস্য অংশ নিয়েছিলেন। অমিতের বক্তব্য, ওই অনুষ্ঠানের সঙ্গে কোনও ব্যক্তি বা নির্দিষ্ট কোনও জাতিকে হেয় করার প্রশ্নই ছিল না।
অমিতের অভিযোগ, কোনও রকম সত্যতা যাচাই না করেই ২৯ অগাস্টের সাংবাদিক বৈঠকে ওই অনুষ্ঠানকে অস্পৃশ্যতার সঙ্গে জুড়ে দেন রাহুল। শুধু তা-ই নয়। ঘটনাটিকে তফসিলি জাতির প্রতি অন্যায় বলেও দাবি করেন তিনি। অভিযোগকারীর দাবি, রাহুলের মন্তব্যের পর বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা আর বিভাজন বেড়েছে। নিজে বাল্মীকি সম্প্রদায়ের মানুষ হয়েও তাঁকে যেন দলিত-বিরোধী এবং অস্পৃশ্যতার সমর্থক হিসেবে তুলে ধরা হয়েছে, স্পষ্ট ভাষায় কার্যত এমনই অভিযোগ অমিতের।
লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬ ও ২৯৯ ধারা এবং তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩(১)(Q) ধারায় মামলা রুজু হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তফসিলি জাতি-উপজাতির সদস্যকে হয়রানির মুখে ফেলতে সরকারি কর্মীকে মিথ্যা বা ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগে এই ধারাগুলি প্রয়োগ করা হয়েছে। এর আগে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামীও রাহুলের অভিযোগের পাল্টা জবাব দিয়েছিলেন। কংগ্রেসকে একটি ‘উদ্দেশ্যহীন’ দল বলে কটাক্ষ করে তাঁর দাবি ছিল, রামলীলা ময়দানের ওই হোমে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁরা মোটেই বিজেপির কর্মী নন। ফলে খাড়গে-পর্বে রাজনৈতিক চাপানউতোরের আঁচ আরও বাড়ল।
Tags:
Rahul Gandhi, Mallikarjun Kharge, Haldwani, Uttarakhand, FIR, Congress, BJP, SC ST Act, Purification Ritual, Untouchability Row, Pushkar Singh Dhami, Indian Politics




