রাজারহাট বিস্ফোরণে গ্রেফতার আরও এক অভিযুক্ত। এই ঘটনায় আগেই গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত মহম্মদ শামিম ওরফে সেলিম। এবার গ্রেফতার শাহেনশাহ। তিনি ভুয়ো পরিচয় দিয়ে শামিমকে ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছেন বলে অভিযোগ। শাহেনশাহ ব্রোকার হিসাবে কাজ করেছেন। তাঁকে আগেই আটক করেছিল পুলিশ। এবার তাকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করা হল। বাড়ির মালিক সহ তিনজনকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।
জানা গিয়েছে,কয়েকদিন আগেই রাজারহাটের দক্ষিণ নারায়াণপুর এলাকায় একটি বাড়িতে
বাড়িতে দু’জন ভাড়ায় এসেছিলেন। তার পরে শুক্রবার রাতে বিস্ফোরণ। তাঁদের মধ্যে একজন ওই ঘরে একটি ব্যাগ নিয়ে ঢুকেছিল।
পুলিশ জানিয়েছে, ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে তারা বাইরে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই বাড়ির দু’টি ঘর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরে ঘটনাস্থলে প্রচুর সুতলি বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে। আগে থেকে ওই ঘরে বোমা মজুত করে রাখা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, নারায়ণপুরের বাড়িটি ভুয়ো পরিচয়পত্র দিয়ে ভাড়া নিয়েছিলেন শামিম। ওই বাড়ির মালিক জ়ুলফিকর আনসারি এবং বাড়ির দালালি করা শাহেনশাহকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, শামিম একা নন, এই কাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারেন। ঘটনাকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছে একাধিক রহস্য।