নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার আকাশে তখন বৃষ্টির মেঘ। মাঠে খেলা বন্ধ। আর সেই ফাঁকেই নিজের চেনা মেজাজে হাজির ঋষভ পন্থ। বৃষ্টিতে ভিজতে ভিজতেই এক সমর্থকের সঙ্গে তাঁর মজার কথোপকথনের ভিডিও এখন ভাইরাল সমাজ মাধ্যমে। উক্ত সমর্থক বার বার পন্থকে সতর্ক করছিলেন, ‘‘বৃষ্টি-জলে ভিজলে জ্বর হয়ে যাবে। এখানকার জল আলাদা।’’ কিন্তু সতর্কবার্তায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে পন্থ যে জবাব দিলেন, তাতেই হাসির রোল উঠেছে চারপাশে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি আইস বক্সের উপর বসে দিব্যি বৃষ্টি উপভোগ করছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। তাঁকে দেখে এক সমর্থক বলেন, ‘‘ঋষভ ভাই, জ্বর হয়ে যাবে। এখানকার জল আলাদা।’’ একই কথা একাধিক বার বলার পর পন্থ মজার ছলে পাল্টা বলেন, ‘‘জ্বর করিয়ে দিও, না হলেও। না হলেও করিয়ে দিও।’’ পন্থের এমন অপ্রত্যাশিত উত্তর শুনে সমর্থকেরাও জানিয়ে দেন, তাঁরা আসলে মজা করছিলেন। তার পর নিজের মুখ ঢেকে হেসে ফেলেন পন্থ। মুহূর্তেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে।
মাঠের বাইরেও পন্থের এমন রসিক মেজাজ অবশ্য নতুন নয়। চলতি শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলছে ভারত। বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টেও বার বার খেলা থমকে গিয়েছে। তার মধ্যেই পন্থের এই মজার মুহূর্ত যেন ক্রিকেট-উত্তেজনার বাইরে সমর্থকদের বাড়তি বিনোদন দিয়েছে। তবে এই সফরেই ব্যাট হাতে বড় নজির গড়েছেন তিনি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রান করে বিদেশের মাটিতে টেস্টে ভারতীয় উইকেটকিপার হিসাবে সর্বাধিক রানের মালিক হয়েছেন পন্থ।
দ্বিতীয় টেস্টের আগে বিদেশ ও নিরপেক্ষ মাঠে উইকেটকিপার হিসাবে ২,৪৭১ রান ছিল পন্থের। মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড টপকাতে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। ইনিংসের ৯৭তম ওভারে কেশরা নুওয়ান্থার বলে পর পর দু’টি চার মেরে সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এখন বিদেশের মাটিতে উইকেটকিপার হিসাবে পন্থের টেস্ট রান ২,৫৩৪। ধোনি রয়েছেন দ্বিতীয় স্থানে। এ দিকে বৃহস্পতিবার কলম্বো টেস্টে জয়ের জন্য মরিয়া ভারত। ফলো অন করতে নেমে আগের রাতে শ্রীলঙ্কার স্কোর ৬ উইকেটে ২২৯। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬ রানে এগিয়ে তারা।