কলকাতা, নিউজ ডেস্ক: কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দিল পাঁচ সদস্যের নব্য তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দেখা যায় ঋতপন্থী তৃণমূল নেতৃত্বকে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৩টেয় দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার কথা রয়েছে তাঁদের।
এই প্রতিনিধি দলে রয়েছেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহম্মদ আখরুজ্জামান এবং চন্দ্রিমা ভট্টাচার্য। দলের নেতৃত্বের তরফে কমিশনের সামনে নিজেদের বক্তব্য এবং সংশ্লিষ্ট নথি পেশ করা হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল ৪টেয় কালীঘাটপন্থী তৃণমূল শিবিরকে নির্বাচন কমিশনের দফতরে তলব করা হয়েছে। ফলে একই দিনে দুই শিবিরের কমিশন-সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এর আগে বুধবারই নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের দুই শিবিরের তরফে চূড়ান্ত নথি জমা দেওয়া হয়েছে। দলের সাংগঠনিক পরিচয় এবং সংশ্লিষ্ট দাবিদাওয়া নিয়ে কমিশনের প্রক্রিয়ার মধ্যেই এই নথি জমা পড়ে।
এখন নজর মূলত নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। দুই পক্ষের বক্তব্য, জমা দেওয়া নথি এবং কমিশনের সামনে তাঁদের অবস্থান সবকিছু খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্তের দিকে এগোবে প্রক্রিয়া।
দিল্লিতে আজকের কর্মসূচিকে ঘিরে তাই রাজনৈতিক মহলের নজর কমিশনের দফতরের দিকে। বিশেষ করে বিকেল ৩টে এবং ৪টের দুই বৈঠক ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তৃণমূলের দুই শিবিরের মধ্যে।