অভিনয় থেকে রাজনীতি সর্বত্রই নিজের দক্ষতা প্রমাণ করেছেন রুদ্রনীল ঘোষ। বরাবরই দক্ষ রাজনীতিবিদ হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন জনগণের মনে। এবার বিধানসভার গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বে দায়িত্বভার পেলেন রুদ্রনীল ঘোষ। বিধায়ক হিসেবে নতুন দায়িত্বের পর আরো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রুদ্রনীল। বিধানসভার তথ্য ও সংস্কৃতি বিষয়ক ক্রীড়া এবং যুব পরিষেবার সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়েছে তাকে। ২০২৬-২৭ সালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীলের নাম উল্লেখ করে ৭ অগস্ট চিঠি পাঠিয়েছে বিধানসভা সচিবালয়। আর সেই প্রস্তাবেই দেওয়া হল শিলমোহর।
তথ্য ও সংস্কৃতি, ক্রীড়া থেকে যুব পরিষেবা তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এক ছাতার তলায় নিয়ে কাজ করে এই স্ট্যান্ডিং কমিটি। এবার থেকেই কমিটির হাল ধরছেন অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ। অভিনয় জগতের পাশাপাশি রাজনৈতিক জগতেও রুদ্রনীলের অগ্রগতি মন ছুঁয়ে যাচ্ছে তার অনুগামীদের।
নতুন দায়িত্ব পাওয়ার পরেই কাজ শুরু করে হয়ে গিয়েছে। মঙ্গলবারই বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যান ও চেয়ারপার্সনদের নিয়ে বৈঠকে বসবেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু বলে জানা গিয়েছে। এই বৈঠকে থাকবেন রুদ্রনীল। তার কাছেও খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক। কারণ এই বৈঠক থেকেই নির্দেশ দেওয়া হবে কিভাবে কমিটি পরিচালিত হবে।
একাধারে বিনোদন জগত অপরদিকে রাজনৈতিক কেরিয়ার। দুই ময়দানেই নিজের প্রতিভা দেখিয়েছেন রুদ্রনীল। বিধায়কের পাশাপাশি বিধানসভার অন্দরমহলে আরো গুরুদায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে।