এই মুহূর্তের সবথেকে চমকদার খবর! গ্রেফতার অনুব্রত(কেষ্ট) মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন। চলেছে ২২ ঘণ্টা ম্যারাথন জেরা। বোলপুরের ফ্ল্যাট থেকে গ্রেফতার সায়গল হোসেন। আজ তাঁকে তোলা হবে বীরভূমের সিউড়ি আদালতে। তাঁর জন্য বসবে 'স্পেশ্যাল কোর্ট'! গ্রেফতারির সময় সায়গলের ফ্ল্যাট থেকে বিপুল ধনসম্পত্তি পাওয়া গিয়েছে।বোলপুরে বাইপাস সংলগ্ন ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হন অনুব্রত মণ্ডলের এই প্রাক্তন দেহরক্ষী। অন্যদিকে, টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের ফ্ল্যাট এবং বাড়িতে চলে তল্লাশি। তবে উল্লেখযোগ্য তথ্য, টুলুর শ্যালক মিঠু শেখের আবাসনেই ফ্ল্যাট সায়গল হোসেনের।
সূত্র জানিয়েছে, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 'কালো টাকা'র খোঁজ করতে গিয়েই সায়গল হোসেনের নাম পায় তদন্তকারীরা। সেই সূত্র ধরেই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে হানা দেন তাঁরা। পাথর এবং বালির গাড়িতে নকল DCR ব্যবহার করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হরপ করেছে টুলু মণ্ডল- উঠেছে অভিযোগ।
তদন্তে নামে বীরভূম জেলা পুলিশ। জোগাড় করতে থাকে তথ্য, প্রমাণ এবং সূত্র। এরপর সূত্র ধরেই টুলু মণ্ডলের শ্যালকের আবাসনে পৌঁছয় পুলিশ। এরপরই ঘটে 'সারপ্রাইজ'! টুলু মণ্ডল বা তাঁর আত্মীয় পুলিশের লক্ষ্য ছিল না। তাঁরা তল্লাশি নিতে সটান চলে যান সায়গল হোসেনের ফ্ল্যাটে। চলে একটানা ২২ ঘণ্টা জেরা। এরপরই সায়গলকে গ্রেফতার করা হয়। সায়গল হোসেনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ১৩ লক্ষ টাকা। এছাড়াও পাওয়া গেছে ৭৫০ গ্রামের বেশি সোনা এবং ৩০০টির ও বেশি দলিল। পুলিশ সূত্র এই তথ্য জানিয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সরকারের শাসন আমলে গরু পাচার মামলা,আর্থিক তছরুপ ও বেআইনিভাবে বিপুল সম্পত্তি অর্জনের জন্য সায়গলকেও সিবিআই ও ইডি গ্রেফতার করেছিল। আড়াই বছর জেলে ছিলেন তিনি। বর্তমানে জামিনে মুক্তি পেয়েছিলেন অনুব্রতর এক সময়ের ডান হাত!