শিল্পাঞ্চলের অর্থনীতিতে আসতে চলেছে গতি। দেশের অন্যতম দুগ্ধজাত পণ্য উপাদানকারী সংস্থা আমুলের মেগা প্রকল্প। আগামী দু বছরের মধ্যেই সাঁকরাইল ফুড পার্কে এই প্রকল্পে উৎপাদন শুরু হতে চলেছে। এটি আগামীদিনে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের জন্য।
মূলত গুদাম বা লজিস্টিকস-নির্ভর কার্যকলাপই বেশি হয়ে থাকে সাঁকরাইল শিল্পাঞ্চলে। এখানে উৎপাদন শিল্প তুলনামূলক কম। তাই শ্রমিকদের কর্মসংস্থানের ক্ষেত্রেও অনেকটাই বাঁধা সৃষ্টি হয়। অধিকাংশ শ্রমিকই চুক্তিভিত্তিক বা অস্থায়ী কাজের সঙ্গে যুক্ত। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় শ্রমিকদের।
এবার এখানে আমূলের মতো জাতীয় স্তরের সংস্থার উৎপাদনমুখী প্রকল্পের পরিকল্পনা। যা আগামী দিনে এই অঞ্চলের শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের মতে, বড় শিল্প প্রকল্প চালু হলে তার সঙ্গে যুক্ত হয়ে একাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ, প্যাকেজিং, কোল্ড চেইন, লজিস্টিকস-সহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রেও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সরাসরি বহু মানুষের চাকরির সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি পরোক্ষভাবেও বিপুল সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে।
সাঁকরাইল শিল্পাঞ্চলে নতুন শিল্পায়নের সূচনা এবং স্থানীয় অর্থনীতির পুনরুজ্জীবনে আমূলের এই মেগা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা যাচ্ছে। এলাকার সামগ্রিক উন্নয়ন হবে।




