হাওড়া, নিউজ ডেস্ক: পঞ্চমীর রাতে সিপিএমের বুকস্টল ভাঙচুরের অভিযোগ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাতাইতলা নতুন পল্লি পুজো মণ্ডপের কাছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, বিজেপির কর্মীরা এই বুক স্টল ভাঙচুর করে। বিজেপির পাল্টা অভিযোগ, হিন্দুত্বকে অপমান করে যাঁরা এই বুক স্টল করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
জানা গিয়েছে, পঞ্চমীর সন্ধ্যায় কিছু লোকজন হঠাৎ এসে তর্ক শুরু করে। স্টল তুলে দেওয়ার জন্য বলা হয়। এর পরে স্টলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পুজোর শুরুতেই একাধিক জায়গার স্টলে হামলা চালানোর অভিযোগ উঠেছে। সিপিএমের দক্ষিণ-পূর্ব হাওড়া এরিয়া কমিটির সম্পাদক অসিত ঘোষের দাবি, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বইয়ের স্টল করে আসছেন তাঁরা। প্রশাসনের অনুমতি নিয়েই সেখানে বুকস্টল বসানো হয়েছিল। কিন্তু এবার সেই স্টল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে ফের বুকস্টল চালু করার কথা জানিয়েছে সিপিএম কর্মীরা। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতা তরুণ কুমার সাউয়ের বলেন, বুকস্টল থেকে হিন্দুত্ববিরোধী প্রচার চালানো হচ্ছিল বলেই তাঁরা আপত্তি জানান। এই ঘটনাকে ঘিরে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে।
এর আগে চতুর্থীর দিন দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় সিপিআই (এমএল) লিবারেশনের বইয়ের দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছিল। বাম দলের অভিযোগ, প্রায় চার দশক ধরে ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের সামনে লিবারেশন, সিপিআই ও সিপিএমের বুক স্টল বসে। বুধবার সন্ধ্যায় স্টল বাঁধার সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। এরই মধ্যে শিবিপুরে বুক স্টলে হামলা চালানোর ঘটনায় নতুন করে শোরগোল শুরু হয়েছে।




