দীর্ঘ অপেক্ষার পর আবার বড় পর্দায় ফিরছেন সুপারস্টার জিৎ। আর সেই প্রত্যাবর্তনকে ঘিরেই উচ্ছ্বাসে আত্মহারা ৯০-এর দশকের জিৎ-ভক্তরা। স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায় কে বড় পর্দায় তুলে ধরছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবিটি।
কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে অভিনেতা জিৎ কে দেখা যাবে অনন্ত সিংহের চরিত্রে কখনো নির্ভীক বিপ্লবী হিসাবে, আবার কখনো ডাকাত হিসাবে। একশন, ইতিহাস ও আবেগে মোড়া এই ছবিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আলাদা কৌতুহল।
ইতিহাসের এই দ্বৈত দৃষ্টিভঙ্গিকে একই সঙ্গে বড় পর্দায় তুলে ধরেছেন পরিচালক পথিকৃৎ বসু। তবে ছবিটির বড় আকর্ষণ অভিনেত্রী সৃজলা গুহ। যিনি এই ছবিতে কিংবদন্তী মিস শেফালীর চরিত্রে অভিনয় করছেন। শেফালীর চরিত্রে সৃজলার মনমুগ্ধকর লুক ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
ইতিহাসের নানান গুরুত্বপূর্ণ চরিত্র ও ঘটনাকে দর্শকের সামনে তুলে ধরেছে এই ছবিটি। 'নন্দী মুভিজ’ ও ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। ইতিহাসে সমৃদ্ধ এই ছবিতে আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কৌশিক সেন, চন্দন সেন এবং দেবত্তমা সাহা।
ছোট পর্দায় খুবই পরিচিত মুখ সৃজলা। বর্তমানে তিনি ব্যস্ত ওটিটি প্ল্যাটফর্মে। এই ছবির জমজমাট গানের দৃশ্যেও তাকে দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। অন্যদিকে বুমেরাং এর দু'বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে জিৎ কে। স্বাধীনতা দিবসের মৌসুমেই মুক্তি পেতে চলেছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছবিটি। বহুদিন বাদে আবার বড় পর্দায় জিতকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তার অনুরাগীরা।