ফিফার পরিকল্পনায় নয়া বিতর্কের জন্ম ফুটবল বিশ্বে। বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে ফিফা। সেই ভাবনা সামনে আসতেই আপত্তি জানিয়েছে উয়েফা। অভিযোগ উঠেছে, বিশ্বকাপকে কার্যত 'বিক্রি' করে দিতে চাইছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এ বার সেই বিতর্কের মাঝেই মুখ খুলে স্পষ্ট বার্তা দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
একটি ভিডিও বার্তায় ইনফান্তিনো জানান, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস' এখনও শুধুই একটি প্রস্তাব। কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাঁর কথায়, "এটি সম্পূর্ণ গণতান্ত্রিক একটি প্রক্রিয়া। ফিফার ২১১টি সদস্য দেশের মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কাউকে এই পরিকল্পনা মানতে বাধ্য করা হচ্ছে না। বরং এর মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন এবং আর্থিক বিনিয়োগ বাড়ানোর বড় সুযোগ তৈরি হতে পারে।"
ফিফার পরিকল্পনা অনুযায়ী, 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইসেস' নামে একটি পৃথক সংস্থা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ পরিচালনার দায়িত্ব নেবে। সেই সংস্থার অন্তত ২১ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির ভাবনা রয়েছে। এর ফলে ফিফার হাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা আসতে পারে।
সংস্থার দাবি, 'ফিফা ফাস্ট ফরোয়ার্ড প্রোগ্রাম'-এর মাধ্যমে সেই অর্থ সরাসরি সদস্য দেশগুলির ফুটবল সংস্থাগুলির উন্নয়নে খরচ করা হবে। এই পুরো প্রক্রিয়ায় ফিফাকে পরামর্শ দিচ্ছে জেপি মর্গ্যান। শোনা যাচ্ছে, নতুন সংস্থার নেতৃত্বে বসতে পারেন জোশুয়া কুশনার। যিনি জারেড কুশনারের ভাই।
ফিফার দাবি, এই পরিকল্পনা কার্যকর হলে আগামী ৪ বছরে সংস্থার মোট লাভ প্রায় ৯৫,৬৮৫ কোটি টাকায় পৌঁছতে পারে। সে ক্ষেত্রে প্রতিটি সদস্য দেশ প্রায় ১৯০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। তবে আপাতত সবটাই প্রস্তাবের পর্যায়ে। সেই কারণেই বিতর্ক যতই তীব্র হোক, চূড়ান্ত সিদ্ধান্তের আগে সদস্য দেশগুলির মতামতের দিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব ফুটবল।