জেপিএসসি ও জেএসএসসি-র নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে উত্তপ্ত ঝাড়খণ্ডের রাঁচি। গত কয়েকদিন ধরে আন্দোলনে নেমেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। রবিবারও পঞ্চম দিনের মতো রাঁচিতে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।
আন্দোলনকারীদের অভিযোগ, ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার পাশাপাশি জেএসএসসি-সিজিএল-সহ একাধিক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে। ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সিবিআই তদন্তের দাবিও উঠেছে।
আন্দোলনকারীরা আরও দাবি করছেন, পরীক্ষার নির্দিষ্ট সময়সূচি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দীর্ঘদিন ধরে পরীক্ষায় বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, জেপিএসসি-জেএসএসসি-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলা বিতর্কে রাজনৈতিক চাপও বাড়ছে।
এই পরিস্থিতিতে রাঁচিতে পড়ুয়াদের আন্দোলন আরও জোরদার হয়েছে। নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।