বেশ কয়েক মাসের ছুটি কাটিয়ে আবারও ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী সুস্মিতা দে। সম্প্রতি প্রচার ঝলক প্রকাশ হতেই দর্শকদের মনে তৈরি হয়েছে উন্মাদনা। একেবারে ভিন্ন চরিত্রে দেখা যাবে তাকে নতুন ধারাবাহিকে।
প্রোমো দেখে অনেকেরই মনে হতে পারে ধারাবাহিকদের সঙ্গে আরজি করের ঘটনার কোথাও মিল রয়েছে। কিন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নায়িকা বলেন, ধারাবাহিকটি একটি সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে হলেও আর জি করের ঘটনার সঙ্গে মেলানো ঠিক হবে না। এটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী।
এই ধারাবাহিকের জন্য অভিনেত্রীকে বেশ কিছু প্রশিক্ষণও নিতে হয়েছে। প্রতিনিয়ত ব্যালে নাচের বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। একইসঙ্গে অ্যাকশন দৃশ্যের জন্যও আলাদা অনুশীলন করছেন। সুস্মিতা জানান, একদিকে নাচ ও অন্যদিকে ফাইট সিকোয়েন্স- একই সঙ্গে দুটির প্রস্তুতি নেওয়া যথেষ্ট কঠিন।তবে তিনি এটি উপভোগ করছেন।
ধারাবাহিকে সুস্মিতা অভিনয় করছেন দ্বৈত চরিত্রে। তার বিশ্বাস, গল্প এগোলে দর্শক এই ধারাবাহিকের স্বতন্ত্র পরিচয় আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে তার সহ-অভিনেতা সৌম্যদীপ। ইতিমধ্যেই সুস্মিতা-সৌমদীপ নতুন জুটিকে ঘিরে চলছে আলোচনা। বন্ধু সাহেব ভট্টাচার্যের প্রশংসায় খুশি অভিনেত্রী — সব মিলিয়ে নিজের প্রত্যাবর্তন নিয়ে বেশ আশাবাদী সুস্মিতা।