গ্রেফতারির প্রায় দু’মাসের মধ্যেই একে একে সব মামলায় জামিন পেলেন টালিগঞ্জের ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাস। মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন মঞ্জুর হয়েছে তাঁর। আর্থিক প্রতারণা, তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। ফলে সব মামলায় জামিন পাওয়ার পর এবার তাঁর জেলমুক্তি কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
গত ৪ জুন স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। নিউ আলিপুর থানার মামলায় আর্থিক প্রতারণার অভিযোগের পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত ছিল। এই মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি। একইসঙ্গে রিজেন্ট পার্ক থানাতেও স্বরূপের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়।
রিজেন্ট পার্ক থানায় তাঁর বিরুদ্ধে মোট তিনটি আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে একটি মামলায় জেল হেফাজত এবং অন্য একটি মামলায় পুলিশি হেফাজতে ছিলেন স্বরূপ। কয়েক দিন আগেই রিজেন্ট পার্ক থানার মামলাগুলিতে জামিন পেয়েছিলেন তিনি। এবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন মেলায় তাঁর বিরুদ্ধে থাকা সব মামলার ক্ষেত্রেই আদালত থেকে স্বস্তি পেলেন ফেডারেশনের প্রাক্তন সভাপতি।
নিউ আলিপুর থানায় স্বরূপের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এক মেকআপ আর্টিস্ট। অভিযোগের মধ্যে শ্লীলতাহানি ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ও ছিল বলে জানা যায়। যদিও পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ওই মেকআপ আর্টিস্ট দাবি করেছিলেন, তিনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি।
দুই থানা মিলিয়ে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা দায়ের হয়েছিল। গ্রেফতারির পর থেকে একে একে বিভিন্ন মামলায় আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা। অবশেষে মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় আইনি জটিলতার বড় একটি পর্ব থেকে স্বস্তি পেলেন তিনি।