খাস কলকাতায় নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার লস্করপুরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, দোকান থেকে দুধ কিনে আনতে গিয়ে শ্লীলতাহানির শিকার বছর ১৬ বয়সি ওই কিশোরী।
অভিযোগ, সেই সময় তার পিছু নেন মনোতোষ মাইতি নামে স্থানীয় এক প্রৌঢ়। এরপরেই রাস্তায় এক নির্জন জায়গায় ওই কিশোরীকে কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। রাস্তাতেই কিশোরীকে শ্লীলতাহানি করা হয় বলে খবর।
সেখান থেকে কোনওভাবে নিজেকে ওই ব্যক্তির হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফেরে মেয়েটি। কাঁদতে কাঁদতে পুরো ঘটনার কথা পরিবারকে জানায় সে।
এরপর নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়। তবে, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে অভিযুক্তের গ্রেফতারির দাবি করেছেন সকলে। ঘটনার পরে থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সম্প্রতি, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছিল এলাকায়। সেই মামলায় ৪জনকে গ্রেফতার করা হয়। প্রভাস মণ্ডলকে এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অভিযুক্ত প্রভাসকে ঘটনার পুনর্নিমার্ণের জন্য গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ সেই সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি। আত্মরক্ষার্থে পুলিশ পালটা গুলি চালায়। মৃত্যু হয় প্রভাসের।