উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন বহু ভারতীয় পড়ুয়াদের। ভারতীয় বহু পড়ুয়ারাই প্রতিবছর পড়াশোনা জন্য আমেরিকায় যান। সেখানে নামিদামি বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তবে বর্তমানে সেই স্বপ্নই হতে চলেছে ব্যয়বহুল।
মার্কিন প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। আগে পড়াশোনা শেষ না হওয়া অব্দি পড়ুয়া যতদিন প্রয়োজন আমেরিকায় থাকতে পারতেন। পুরানো সেই নিয়ম বদলে আসছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুযায়ী প্রাথমিকভাবে চার বছর থাকার অনুমতি দেওয়া হবে বিদেশি পড়ুয়াদের। তবে পি এইচ ডি, মেডিকেল ডিগ্রী বা রিসার্চের জন্য বেশি সময় প্রয়োজন হলে হোমল্যান্ড সিকিউরিটির কাছে আলাদাভাবে আবেদন করতে হবে।
একইসঙ্গে জানা গিয়েছে, যারা পড়াশোনা শেষ করে আমেরিকাতে চাকরি করতে চান, তাদের অপশনাল প্রাক্টিকাল ট্রেনিং অর্থাৎ OPT এর জন্য এক লক্ষ মার্কিন ডলার পর্যন্ত ফি দিতে হতে পারে। ভারতীয় মুদ্রায় যা ৯৫.৪৫ লক্ষ টাকা। বর্তমানে F-1 ভিসাধারী বিদেশি পড়ুয়ারা গ্রাজুয়েশনের পর কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য OPT -র মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারতেন আমেরিকায়। পরে অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করা যায় H-1B ওয়ার্কস ভিসার জন্য।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই প্রস্তাব কার্যকর হলে, আমেরিকায় পড়াশোনা করা বা চাকরির খরচ অনেকটাই বেড়ে যাবে। ফলে বিদেশী পড়ুয়াদের উপর আর্থিক প্রভাব পড়তে পারে।




