নাবালিকা যৌন হেনস্থার পৃথক দুটি ঘটনার অভিযোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল তমলুক থানার পুলিশ। মঙ্গলবার রাতেই অভিযুক্ত দুই ব্যক্তিকে করা হয় গ্রেপ্তার। বুধবার অভিযুক্তদের তমলুক আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে একুশে জুলাই। অভিযোগ হতে, তমলুক থানা এলাকায় ১১ বছর বয়সী এক নাবালিকাকে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়। অভিযোগ ওঠে কোলাঘাটের বাসিন্দা আজহারউদ্দিন এর বিরুদ্ধে। এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে এই ঘটনা ঘটায় অভিযুক্ত। পরবর্তীতে ওই নাবালিকা তার পরিবারকে সমস্ত কিছু খুলে বলে। এরপরে ওই নাবালিকার পরিবার তমলুক থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। এরপরই শুরু হয় তদন্ত। মঙ্গলবার অভিযুক্তকে রামতারক হাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অপর ঘটনাটি ঘটে ১-লা আগস্ট। অভিযোগ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক নয় বছরের নাবালিকা তমলুক থানা এলাকায় যৌন হেনস্তা শিকার হয়। অভিযোগ ওঠে মন্টু দিন্দা নামক এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
দুই অভিযুক্তের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। দুই অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল ও ছড়িয়েছে মেদনীপুরের দুটি এলাকাতে।