স্পোর্টস ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৭ সালেই ভারতের নীল জার্সিতে শেষবার ওয়ানডে বিশ্বকাপে নামতে চলেছেন। ফলে, আফ্রিকা মহাদেশের মাটিতে হতে চলা সেই বিশ্বকাপ জেতাই এখন প্রধান তথা একমাত্র লক্ষ্য। আর তার জন্য যে কোনও পরিশ্রম করতে প্রস্তুত তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ শুরুর আগে এ বার এই কথা স্পষ্ট করেই জানিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজ। তার ঠিক আগে এক সাক্ষাৎকারে আসন্ন ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
ওয়ানডে বিশ্বকাপের গুরুত্ব বোঝাতে গিয়ে কিং কোহলি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় ৫০ ওভারের বিশ্বকাপের চাপ এবং গুরুত্ব অনেকটাই বেশি। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন প্রতি ম্যাচেই কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়, তেমনই একদিনের বিশ্বকাপেও টানা ১০টি ম্যাচে সেই একই মানসিকতা ধরে রাখতে হয়। তার ওপর এ বার বিশ্বকাপ হতে চলেছে বিদেশের মাটিতে। দক্ষিণ আফ্রিকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াও অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কোহলির কথায়, "৫০ ওভারের বিশ্বকাপের গুরুত্ব অন্য যে কোনও প্রতিযোগিতার চেয়ে বেশি। এক দিনে আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সমান পরিশ্রম করতে হয়। টানা ১০টি ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখা যথেষ্টই কঠিন।”
তবে কঠিন চ্যালেঞ্জই আরও বেশি অনুপ্রাণিত করছে বিরাটকে। বলেন, “ভারতের হয়ে নিঃসন্দেহে এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আর সেটাই আমার সবচেয়ে বড় প্রেরণা। বিশ্বকাপে নিজের সবটুকু উজাড় করে দিতে চাই। লক্ষ্য একটাই। তা হল, বিশ্বকাপ জেতা। তাই সেই লক্ষ্যে পৌঁছতে যা যা করা প্রয়োজন, সব করতে আমি প্রস্তুত।” উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে কোহলির রেকর্ডও যথেষ্টই ঈর্ষণীয়। এখনও পর্যন্ত ৩৭টি বিশ্বকাপের এক দিনের ম্যাচে ১,৭৯৫ রান করেছেন তিনি। গড় ৫৯.৮৩। রয়েছে ৫টি শতরান ও ১২টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১১৭।
একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন শচীন তেন্ডুলকারের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দেওয়া কোহলি। এখনও পর্যন্ত ৩০২টি ইনিংসে ৫৮.৫৯ গড়ে তাঁর সংগ্রহ ১৪,৯৪১ রান। ৫৪টি শতরান ছাড়াও হাঁকিয়েছেন মোট ৭৯টি অর্ধশতরান। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া। ৩৫টি ম্যাচে ১,২৯২ রান করেছেন তিনি। নামের পাশে ১৫টি অর্ধশতরান। দু’বার প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ও হয়েছেন। সেই কোহলি ২০২৭ সালের বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই নিজের প্রস্তুতি শুরু করতে চান। শেষ বিশ্বকাপে দেশের জার্সিতে ট্রফি জয়ের স্বপ্নই এখন তাঁর প্রধান লক্ষ্য।
