রুপালী পর্দার নায়ক থেকে জননেতা - তামিল রাজনীতিতে এই সমীকরণ বহু পুরনো। বর্তমানে তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক ধনুষকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। সম্প্রতি একটি রক্তদান শিবিরে ভক্তদের উদ্দেশ্যে ধনুষের বার্তা জন্ম দিল নতুন প্রশ্নের।
অনুষ্ঠানে ধনুষ ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'এত মানুষ এক জায়গায় সমবেত হয়েছেন। এই ঐকের এক বিশাল শক্তি রয়েছে। এই শক্তি কে সঠিক উদ্দেশ্যে কাজে লাগাতে হবে আমাদের। কেবল অডিও লঞ্চ কিংবা ফ্যান মিটের মধ্যে আটকে না থেকে আমাদের উচিত আরও বেশি করে সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত হওয়া। আমাদের আশেপাশের এলাকার মানুষদের প্রয়োজন বুঝে সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে হবে।'
সমাজ মাধ্যমে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পথচলার ইঙ্গিত দিচ্ছেন ধনুষ। কারুর মতে, তিনি থালাপতি বিজয়ের পথ অনুসরণ করতে পারেন। এমনকি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ TVK-এ যোগ দেওয়ার জল্পনাও ছড়িয়েছে।
পাশাপাশি এই অনুষ্ঠানেই ২৪ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও বিবৃতি দেন ধনুষ। ২০২৪ এ রায়ান ও ক্যাপ্টেন মিলার ছবির জন্য দুটি বিশেষ পুরস্কার পেয়েছিলেন তিনি, যা নিয়ে প্রচুর সমালোচনাও হয়েছিল। সেই সমালোচনার জবাবে তিনি জানান, ২০২৪ সালে 'রায়ান'-এর চেয়েও ভালো তামিল ছবি নিশ্চয়ই হয়েছে। তবে একজন তামিল অভিনেতা হিসেবে একই বছরে দুটি জাতীয় সম্মান পাওয়া গর্বের বিষয় এবং সেটিই উদযাপন করা উচিত। তাঁর এই সংযত ও আত্মসমালোচনামূলক মন্তব্য ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি রাজনৈতিক দল গঠন করেছেন। বর্তমান তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ধনুষের এই বার্তা এক নতুন মাত্রা পেয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি ধনুষ। আপাতত পুরোটাই জল্পনার মধ্যে সীমাবদ্ধ।